অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে সংস্কারের বিকল্প নেই: ফিনল্যান্ড শুভেচ্ছা দূতকে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কারের কোনো বিকল্প নেই।
শনিবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাস্ট স্টেপ ফোরামের নির্বাহী পরিচালক ও ফিনল্যান্ডের শুভেচ্ছা দূত জোহান ক্যান্ডলিন সুধাসদনে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
ঘন্টাব্যাপী বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সরকারি দলের অত্যাচার--নির্যাতনের ঘটনা ফিনল্যান্ডের শুভেচ্ছা দূতকে অবহিত করেন।
এছাড়া সরকারি মদদে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের বিষয়টিও শুভেচ্ছা দূতকে জানানো হয়।
ফিনল্যান্ডের শুভেচ্ছা দূত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠক শেষে জোহান ক্যান্ডলিন সাংবাদিকদের বলেন, বিরোধী দলের নেতার সাথে এটি তার সৌজন্য সাক্ষাৎ। তারা আগামীতে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক সেটাই তাদের প্রত্যাশা। এজন্যে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কেন্দ্রীয় নেতা সৈয়দ আবুল হোসেন ও আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
