২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. চৌধুরীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে বিকল্পধারা

বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার রহস্য উন্মোচনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে বিকল্পধারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ও বি চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বলেন, এ ব্যাপারে আমি রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের দৃষ্টি আকর্ষণ করছি। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং এখন তিনি সাবেক রাষ্ট্রপতি। কিছুদিন পর অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদও সাবেক রাষ্ট্রপতি হবেন। এই কারণে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা উচিত।

আগামী ১৫ মের মধ্যে অগ্নিকা-ের ঘটনার রহস্য উদ্ঘাটনে সরকারকে সময়সীমা বেধে দিয়ে মাহী বি. চৌধুরী বলেন, এর মধ্যে বি চৌধুরীর পরিবারকে তদন্তের ব্যাপারে অবহিত করতে হবে।

তিনি বলেন, ১৫ মে পর আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করব।

১৫ মের মধ্যে তদন্তে কোনও উন্নতি না ঘটলে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে মাহী বি চৌধুরী জানান।

তিনি বলেন, বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার কোনও ইচ্ছা বিকল্পধারার নেই। আমরা দ্রব্যমূল্য, সন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, হয়রানি, নির্যাতন, সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। সরকার যদি ঘটনাটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেন তাহলে আমরা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব।

মাহী বি চৌধুরী  আরও বলেন, তাদের বাড়িতে অগ্নিকা-ের ঘটনার পর থেকে তারা উদ্বাস্তুর মতো জীবন কাটাচ্ছেন। সরকার তদন্তের নামে তাদের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না।

তদন্তের ব্যাপারে তাদের অবহিত না করায় তিনি সরকারকে দায়ী করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার যুগ্মমহাসচিব ড. নূরুল আমিন ব্যাপারী।