২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা ও সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে শেষ দিনেও সংসদ উত্তপ্ত

জাতীয় সংসদের একুশতম অধিবেশনের শেষ দিনে মঙ্গলবার ‘ভূয়া’ ভোটার তালিকা, নির্বাচন ‘বানচালের’ চেষ্টা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, বিচারপতিদের সম্মান প্রদর্শন, ঢাকায় যুব সংগ্রাম পরিষদের পিডিবি ভবন ঘেরাওকে কেন্দ্র করে গাড়ি ভাংচুর এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সংলাপ নিয়ে দীর্ঘ সময় ধরে তুমুল বিতর্ক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এসময় এসব ইস্যু ছাড়াও ব্যক্তিগত ব্যাখ্যা নিয়েও সরকার ও বিরোধী দলের সাংসদদের বিতর্ক এবং হই চই ও চিৎকার চেঁচামেচিতে অধিবেশন উত্তপ্ত হয়ে উঠে।

মাগরিবের নামাজের পর পয়েন্ট অব অর্ডারে এবং ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দিয়ে সরকার ও বিরোধী দলের ১০ জন সাংসদ আলোচনা ও অনির্ধারিত এই বিতর্কে অংশ নেন।

মোহাম্মদ নাসিম তার ব্যক্তিগত ব্যাখ্যায় বলেন, সরকার দেশে নানা সমস্যার সৃষ্টি করেছে। জনগণ চায় তাদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা হোক। তাই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়েও সংসদের আলোচনা করে এর সমাধান করা সম্ভব।

তিনি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় মরহুম সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে বেগম জিয়া তার সাথে আলোচনায় বসতে অস্বীকার করে আলোচনা ভেঙ্গে দিয়েছেন। শেখ হাসিনা আলোচনা করেই সমস্যার সমাধান করেছেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা নীতির প্রশ্নে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সাথে আলোচানায় না বসার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা এক্ষেত্রে আপস করবো না। সরকার যদি সমস্যার সমাধান করতে চায়, তবে যুদ্ধাপরাধীদের বাদ দিয়েই আলোচনা করতে হবে।

তিনি অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ভূয়া ভোটার লিস্ট তৈরি করা হয়েছে।

ব্যক্তিগত এক কৈফিয়তে তিনি বলেন, সামরিক শাসনের বৈধতা দেওয়া ও ভোটারবিহীন নির্বাচন করার জন্য যেসকল বিচারপতি সহায়তা করেছেন, তাদের সম্মান করা যায় না।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমরা চলমান বিভিন্ন ইস্যু ও জাতীয় সংকটে অনেকগলো নোটিশ দিয়েছি। কিন্তু সেগুলো গ্রহণ করেননি।

২১ আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, যে গ্রেনেড যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই গ্রেনেড মারা হয়েছে বিরোধী দলের নেত্রীর সমাবেশে। আমরা এর জন্য আন্তর্জাতিক তদন্ত চেয়েছি। এ ব্যাপারে তদন্ত ও বিচারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। অন্যথায় প্রধানমন্ত্রীকে এর দায় দায়িত্ব নিতে হবে। তাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, একটি হত্যা আরেকটি হত্যার জন্ম দেয়। বঙ্গবন্ধুর হত্যার বিচার রহিত করার জন্যে ইনডেমনিটি আইন করার পরিণতি ভালো হয়নি। জিয়াউর রহমানকেও হত্যার শিকার হতে হয়েছে।

তিনি বিচারপতি জয়নাল আবেদিন কমিশনের তদন্ত রিপোর্ট সংসদে পেশ ও দোষীদের শান্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

অ্যাডভোকেট রহমত আলী গাজীপুরের শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুত ও ডিজেলের ব্যবস্থা করার দাবি জানান।

বিএনপির কেএম ওবায়দুর রহমান বিরোধী দলের বক্তব্যের জবাবে বলেন, কোনদিন এমন সংসদ দেখিনি, প্রতিদিন প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত পয়েন্ট অব অর্ডার চলে।

তিনি বিরোধী দলের শেখ হাসিনা উত্থাপিত সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরাও স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির অন্তর্ভূক্ত নই। এ ব্যাপারে আমরাও একমত। কিন্তু আ’লীগ তো সংসদীয় কমিটিতে, সংসদেসহ বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর সদস্যদের সাথে আলোচনা করছেন। সেখানে যেতে তাদের কোন অসুবিধা নেই।

কেএম ওবায়েদ বলেন, আ’লীগ যেটা করতে পেরেছে, আমরা সেটা করতে পারিনা। কারণ তাদের জোটের বাকী ১৩ দলের সংসদে কোন প্রতিনিধিত্ব নেই। কিন্তু আমাদের শরীকদের সংসদে প্রতিনিধিত্ব রয়েছে। তাই আমি আশা করবো তারা আবারও সব কিছু বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পূনর্বিবেচনা করবে।

তিনি বলেন, কোন দেশ আমাদের পরামর্শ দেবে?, দিক নির্দেশনা দেবে?, এটা কোন স্বাধীন দেশে হতে পারে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। যদি কোন ব্যর্থতা থাকে, এর জন্যে খালেদা জিয়া ও শেখ হাসিনা সবাই সমান দোষী হবে।

ওবায়দুর রহমান বলেন, তত্ত্ববধায়ক সরকার আ’লীগের ‘দাড়ি-কমা’সহ গ্রহণ করা হয়েছে। কিন্তু পৃথিবীর কোন দেশে এ ব্যবস্থা নেই। তাই যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তবে বিশ্বে উন্নত গণতান্ত্রিক দেশের অনুসরণে করতে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকারে প্রয়োজন নেই।

সরকারি দলের সাখাওয়াত হোসেন বকুল ব্যক্তিগত কৈফিয়তে বলেন, আমরা সামরিক সরকার আনিনি। গণতন্ত্রও নস্যাত করিনি। এটা করেছে আওয়ামী লীগ।

জামাতকে বাদ দিয়ে সংলাপের প্রস্তাব আমাদের জোট ভাঙ্গার ষড়যন্ত। এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এছাড়াও আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এবং সরকারি দলের ড. খন্দকার মোশারফ হোসেন ও মতিউর রহামান নিজামী বিতর্কে অংশ নেন।