আ.লীগ তাদের দাবির সাথে স্ববিরোধী অবস্থান নিয়েছে: নিজামী
শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের প্রথম দাবিই হচ্ছে সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্য একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা। এখন তারাই সংসদে প্রতিনিধিত্বশীল একটি দলের সাথে আলোচনায় বসতে রাজি নয়। এর মাধ্যমে তারা তাদের দাবির সাথে স্ববিরোধী অবস্থান নিয়েছে।
তিনি বলেন, তাদের ১৪ দলের অনেকেরই সংসদের প্রতিনিধিত্ব নেই। কিন্তু জোট সরকারের শরীকদের সংসদের প্রতিনিধিত্ব রয়েছে। তাই প্রধানমন্ত্রী সকল শরীককে সমানভাবে সুযোগ দিয়েছেন। এটা আস্থা কিংবা অনাস্থার ব্যাপার নয়।
তিনি আওয়ামী লীগের আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, তারা জানেন জোট থাকলে আগামী নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। তাই তারা জোট ভাঙ্গার প্রচেষ্টা হিসেবে এসব করছে। আসলে তারা আদৌ সংস্কার বা আলোচনা কোনোটাই চাননা।
জঙ্গি তৎপরতার সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে নিজামী বলেন, জোট সরকারের আমলে নয়, জঙ্গিবাদের উত্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। যার অফিসিয়াল ডকুমেন্ট তারাই রেখে গেছেন। জোট সরকার জঙ্গিবাদ দমনে কার্যকর ব্যবস্থা নিয়েছে। আমরাও শরীক হিসেবে এর পক্ষে কাজ করছি।
