সার্ক দেশগুলোর পুলিশ প্রধানদের সার্কপোল গঠনের সিদ্ধান্ত
সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সার্কভূক্ত দেশগুলোর পুলিশ প্রধানরা মঙ্গলবার ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থা) মতো আঞ্চলিক পর্যায়ে পুলিশের একটি পৃথক সংস্থা সার্কপোল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পুলিশ প্রধানরা নগরীর একটি হোটেলে তাদের পঞ্চম সম্মেলনে এই সিদ্ধান্ত নেন।
বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউম এক ব্রিফিংয়ে বলেন, ‘সার্কপোল’ গঠনের সমস্ত খুঁটি নাটি বিষয় পরীক্ষা নিরীক্ষা করে বিশেষজ্ঞরা সংস্থার একটি কনসেপ্ট পেপার তৈরি করবেন। এটি ভারতে অনুষ্ঠেয় ষষ্ঠ সার্ক পুলিশ প্রধানদের সম্মেলনে চূড়ান্ত করা হবে।’
বাংলাদেশের আইজিপি বলেন, সার্কপোল গঠনের প্রস্তাব বুধবারের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দেওয়া হয়।
কাইউম বলেন, তবে এটি চূড়ান্ত করতে সময় লাগবে।
তিনি আরো বলেন, এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত চতুর্থ সম্মেলনে নেয়া সার্কপোল গঠনের সিদ্ধান্তটি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি।
তিনি বলেন, পুলিশ প্রধানরা সদস্য দেশগুলোর পুলিশদের মধ্যে জ্ঞান, প্রশিক্ষণ, কৌশল, সংস্কার আধুনিক যন্ত্রপাতি বিনিময় করার ব্যাপারে একমত হয়েছেন।
আইজিপি বলেন, বৈঠকে সার্ক দেশগুলোর পুলিশদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়।
তিনি আরো বলেন, আমরা প্রতিটি দেশ সফর করব এবং বেশ কয়েকটি কর্মশালা করব।
এর আগে সকালে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সংঘবদ্ধ অপরাধ, মাদকের অপব্যবহার, সন্ত্রাসবাদ, মুদ্রা পাচার, এবং বিশেষ ও সাধারণ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দিকসহ আটটি এজেন্ডার ওপর আলোকপাত করা হয়।
আইজিপি বলেন, মাদক ও সন্ত্রাসবাদ রোধে বাংলাদেশ পুলিশের দুটি ডেস্ক রয়েছে।
তিনি বলেন, কিন্তু আমরা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ঠিকমত মনিটর করতে পারি না। সন্ত্রাসবাদের সাথে লড়াই করতে আমরা বিশেষজ্ঞ পর্যায়ে কর্মশালা করব।
আব্দুল কাইউম ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ব্যুরো অব পুলিশ রিসার্স অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল চার সদ্যস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সার্কের মহাসচিব চাঙ্কিয়াব দর্জি সম্মেলনে যোগ দেন।
