একই সময়ে বিচারপতি আজিজের ২টি পদে থাকার ওপর হাইকোর্টের রুলের নিষ্পত্তি অনিশ্চিত
২০০৩ সালের পর রিট আবেদনটি দাখিল হওয়ায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানির এখতিয়ার হারিয়ে ফেলার কারণে বিচারপতি এম এ আজিজ একই সময়ে আপিল বিভাগের বিচারক ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদে থাকার ওপর হাইকোর্টের জারিকৃত রুলের নিষ্পত্তির বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
রিট আবেদনকারীদের একজন ও মামলার কৌসুলি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু সোমবার বার্তা সংস্থা বিডিনিউজকে বলেন, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ মামলার শুনানির এখতিয়ার হারিয়ে ফেলায় বিচারপতির একই সময়ে দুই পদে থাকার ওপর হাইকোর্টের রুলের শুনানি হতে পারে না।
তিনি বলেন, বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি ঝুলে রয়েছে। ২৭ এপ্রিল একই বেঞ্চের সামনে আমি শুনানির বিষয়টি উল্লেখ করেছিলাম। কিন্তু ২০০৩ সালের পর দায়েরকৃত রিট আবেদনের শুনানি আহ্বান না করার জন্য একই দিন প্রধান বিচারপতি বেঞ্চকে চিঠির মাধ্যমে নির্দেশ দেওয়ায় বেঞ্চ মামলারি শুনানি আহ্বান করেনি। বেঞ্চকে মামলার শুনানি বরাদ্দ প্রদানের এখতিয়ার বিধিমালা আধুনিকীকরণ ও নির্দিষ্ট করা উচিত।
রিট আবেদনের পর বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২০০৫ সালের ১৮ জুন বিচারপতি আজিজ ও সরকারের ওপর রুল জারি করেন এবং বিচারপতি আজিজের একই সময়ে আপিল বিভাগের বিচারক ও সিইসি’র পদে থাকাকে কেন অবৈধ ও আইনগতভাবে ভিত্তিহীন ঘোষণা করা হবে না সে মর্মে কারণ দর্শাতে নির্দেশ দেন।
একই দিন বেঞ্চটি পুনর্গঠিত হলেও তারপর থেকে রিট আবেদনের আর শুনানি অনুষ্ঠিত হয়নি।
কোন ক্ষমতাবলে বিচারপতি আজিজ একই সাথে দু’টি সাংবিধানিক পদ - আপিল বিভাগের বিচারক ও সিইসি - দখল করে আছেন, তার ওপর রুল জারি করতে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও অ্যাডভোকেট নাজনীন নাহার দিপু ২০০৫ সালের ১১ জুন জনস্বার্র্থে রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, ২০০৫ সালের ২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়ে বিচারপতি আজিজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে আগে নেওয়া শপথ ভঙ্গ করেছেন।
হাইকোর্টের রুল জারির আট মাসেরও বেশি সময়ের পর অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিষয়টি বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার বেঞ্চকে অবহিত করেন এবং তিনি রুলের শুনানির দিন ধার্য করার প্রার্থনা জানান। আবেদনে সাড়া দিয়ে বেঞ্চ ২১ মার্চ শুনানির দিন ধার্য করেছিলেন।
২১ মার্চের শুনানিতে বিচারপতি আজিজের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রুলের বিপরীতে অ্যাফিডেভিট দায়ের করার জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময়ের আবেদন জানান। সিইসির সময় আবেদনের প্রেক্ষিতে তারপর থেকে দু’বার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
মামলাটি ২৭ এপ্রিলের আদালতের কললিস্টে থাকলেও লিস্টের নিচে অবস্থান করায় ওই দিন শুনানি অনুষ্ঠিত হতে পারেনি।
