বি চৌধুরীর মৃত্যুর গুজব ছড়িয়েছে কুচক্রী মহল
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বুলেটবিদ্ধ হয়ে মারা গেছেন বলে মঙ্গলবার একটি কুচক্রী মহল গুজব ছড়িয়েছে।
বি চৌধুরীকে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর রাজধানীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। খবরের সত্যতা নির্ণয়ের জন্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক দূতাবাসের পক্ষ থেকে ও বিভিন্ন স্তরের মানুষ পত্রপত্রিকা ও সংবাদ সংস্থার কার্যালয়ে টেলিফোন করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, একটি কুচক্রী মহল তার মৃত্যুর গুজব ছড়িয়েছে।
তিনি বলেন, রাজধানীর মুক্তাঙ্গনে বিকল্পধারা ও যুব সংগ্রাম পরিষদ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করলেও কর্মীদের মধ্যে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বিকল্পধারার লাঠি মিছিলপূর্ববর্তী সমাবেশে পুলিশ পরিষদের কর্মীদের ওপর হামলা করায় সমাবেশ বাধাগ্রস্ত হয়েছে। বিকল্পধারার কয়েকজন কর্মী হামলায় আহত হয়েছে বলে তিনি জানান।
তবে পুলিশ হামলা চালানোর পর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে নেতৃত্ব দিতে অধ্যাপক চৌধুরী ভেন্যুতে যাননি বলে জাহাঙ্গীর আলম জানান। জাহাঙ্গীর আলম বলেন, তার পরিবর্তে তিনি পার্টির সেগুনবাগিচা কার্যালয়ে যান এবং সেখান থেকে মিছিলের নেতৃত্ব দেন।
তিনি আরো বলেন, পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বি চৌধুরী রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন।
