২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে যুব সংগ্রাম পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৫০, ব্যাপক ভাংচুর

বিদ্যুতের দাবিতে বিরোধী যুব সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল চলাকালে মঙ্গলবার নগরীর কেন্দ্রস্থলে প্রায় ১০০টি যানবাহন ভাংচুর হয়েছে। যুব সংগ্রাম পরিষদের কর্মীদের ওই লাঠি মিছিলের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে পুলিশি বাধার মুখে পড়লে এর শেষ অংশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অংশটি মসজিদের সামনের রাস্তায় যানবাহন ভাংচুর শুরু করে। 

পরে বিভিন্ন এলাকায় ভাংচুর ছড়িয়ে পড়ে। মৎস্য ভবন থেকে মতিঝিল পর্যন্ত এ অবস্থা চলে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান,  এসময় পুলিশের ভূমিকা ছিল একেবারেই নীরব। পুলিশ এক পর্যায়ে অ্যাকশনে যায় কিন্তু তার আগেই ওই অঞ্চল জুড়ে ব্যাপক ভাংচুর হয়।

যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আমাদের সাথে ভাংচুরকারীদের কোনো সম্পর্ক নেই। ভাংচুরের ঘটনাটি সরকারেরই চক্রান্তের অংশ।

তিনি বলেন, ঘটনাস্থলে সাদা পেশাকধারী পুলিশ ছিলো। যুব দলের কর্মীরাও থাকতে পারে। তারাই ভাংচুর চালিয়েছে।

বিরোধী যুব সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করতে সরকার ষড়যন্ত্রের এই নীল নকশা করেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগসহ বিরোধী যুবসংগঠনগুলোর জোট যুব সংগ্রাম পরিষদ বিদ্যুতের দাবিতে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) ঘেরাও কর্মসূচি উপলক্ষে ওই বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেটে এসে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সাদা পেশাকধারী পুলিশ এসময় পোশাকধারী পুলিশদের সাথে যোগ দেয়।

পুলিশের সাথে সংঘর্ষে আবুল খায়ের, নবী নেওয়াজ, শারমীন আখতার, রোখসানা, আব্দুল মতিন গাজী, তাহের খান, ঈসমাইল হোসেন, মামুন মজুমদার, সোলেমান এবং মোহাম্মদ রিপনসহ ৫০ জন নেতাকর্মী আহত হয়।

যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন যুবলীগ নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে- শামীম আহমেদ মোহাম্মদ লিটন মিয়া। 

মিছিলের পিছনের দিকের একটি অংশ প্রথমে ভাংচুর শুরু করে। এসময় মিছিলের সামনের অংশটি মতিঝিল শাপলা চত্বরের কাছে পৌঁছালে আরেক দফা পুলিশি বাধার সম্মুখীন হয়।

পুলিশি বাধা পেয়ে পরিষদের নেতারা সেখানেই সমাবেশ করে। ওই সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সাদাকাত হোসেন বাবুল, সাগর আনোয়ার, শফিকুল ইসলাম বাবুল, করিম শিকদার এবং রোকনুজ্জামান।

পরিষদ আগামী ১৪ মে সকল উপজেলা সদর দপ্তর ঘেরাও কর্মসূচি এবং ১৮ মে ঢাকাসহ সকল জেলায় নির্বাচন অফিস ঘেরাও করবে।