২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে পুলিশ ও যুবসংগ্রাম পরিষদের সংঘর্ষে আহত ৫০

সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের সমন্বয়ে গঠিত যুবসংগ্রাম পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার পল্টনে কমপক্ষে ৫০ নেতাকর্মী আহত হয়েছে। যুবসংগ্রাম পরিষদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পল্টনে যুবসংগ্রাম পরিষদের নেতাকর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পল্টন এলাকায় কমপক্ষে ১০০ গাড়ি ভাংচুর করে।

পিডিবি কার্যালয় অভিমুখী যুবসংগ্রাম পরিষদের মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের কাছে পৌঁছলে পুলিশ অতর্কিতে মিছিলে হামলা চালায়।

পুলিশের সাথে যুবদলের কর্মীরা এসে যোগ দিলে গোটা পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে যুবসংগ্রাম পরিষদের মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শাপলা চত্বরে পৌঁছলে পুলিশ আবার বাধা দেয়। সেখানে তারা সমাবেশ করে।

পুলিশি সহিংসতার প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীর কবির নানক সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

যুবসংগ্রাম পরিষদ আগামী ১৪ মে সারাদেশে পল্লী বিদ্যুৎ কার্যালয় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

এছাড়া, খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে যুবসংগ্রাম পরিষদ আগামী ১৮ মে নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা নির্বাচন অফিস অবরোধ করবে।