নির্বাচন কমিশনারের পদ সাংবিধানিক, সংসদের করার কিছু নেই: আইনমন্ত্রী
প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাদের বিরোধী দলের পদত্যাগের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এসবই সাংবিধানিক পদ। এসব পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো আধিকার সংসদের নেই।
জাতীয় সংসদে সোমবার পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সংসদকে এ কথা জানান।
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইন মন্ত্রী বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন করেছে। এ ব্যাপারে সংবিধান সকল ক্ষমতা কমিশনারদেরই দিয়েছে।
তিনি বলেন, আমরা সংবিধান বজায় রাখার কথা বলে সংবিধান পরিপন্থী কাজ করতে পারি না। মন্ত্রী বলেন, নির্ভুল ভোটার তালিকায় ভোট হলে আমাদের বিজয়ের সম্ভবনা বেশি। তাই আসুন আমরা সকলে মিলে ভুয়া ভোটার বাদ দিতে ও বাদপড়া ভোটারদের নাম তালিকাভুক্ত করতে একযোগে কাজ করি।
বিরোধী দলের সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার জন্য কমিটি গঠনের বিষয়ে আপনারা নাম দিয়েছেন; আমরাও নাম দিয়েছি। আসুন আমরা কালই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করি।
