২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিরোধী আন্দোলন তীব্র করতে ১৪ দলের ব্যাপক প্রস্তুতি

সরকার বিরোধী চলমান সংগ্রাম তীব্র করতে আওয়ামী লীগসহ ১৪ দল ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানী, পানি, গ্যাসসহ বিভিন্ন সংকট এবং দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষকে আন্দোলন কর্মসূচিতে সামিল করতে বিরোধী দল দেশব্যাপী গণসংযোগে নামছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের চলমান ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে নিতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

তিনি জানান, আগামী ৫ জুন ঢাকা অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আগামী ২৪ ও ২৫ মে ঢাকায় দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দুদিনের এই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সারাদেশের সকল জেলা, মহানগর, থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

জানা যায়, এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলতি মাসের শেষে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সফর করবেন। অন্যদিকে, আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আটটি টিমে বিভক্ত হয়ে ২০ থেকে ২৩ এবং ২৮ থেকে ৩১ মে - এই দুই পর্যায়ে সারাদেশে গণসংযোগ করবেন। গণসংযোগকালে তারা জেলা, উপজেলায় জনসভা, পথসভা ছাড়াও কর্মীসভা করবেন।

সূত্র জানায়, ৫ জুনের ঢাকা অবরোধ কর্মসূচীতে সারা দেশ থেকে প্রচুর সংখ্যক নেতা - কর্মী সমর্থক এবং সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষকে ঢাকায় নিয়ে আসার জন্য ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহ্বান জানাবেন।