বিরোধী দলের ২২৭টি মূলতবি প্রস্তাব নাকচ
জাতীয় সংসদে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সদস্যদের দেওয়া ২২৭টি মুলতবি প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
স্পিকার সোমবার এসব নোটিশের ব্যাপারে তার সিদ্ধান্ত সংসদকে অবহিত করেন।
নোটিশদাতা সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ফারুক খান, শাজাহান খান, শামসুর রহমান শরীফ ডিলু, পঞ্চানন বিশ্বাস, আতিউর রহমান আতিক এবং জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের।
নোটিশের বিষয়বস্তু ছিল- দেশব্যাপী সার, ডিজেল, বিদ্যুৎ ও পানির সংকট, চাঁপাইনবাবগঞ্জের কানসাট হত্যাকাণ্ড, তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, জঙ্গি তৎপরতা, সংসদের বেসরকারি টিভি চ্যানেলের প্রবেশাধিকার, সরকারের ব্যর্থতা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ, সংসদে আগুন, সংসদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি এবং ভোটার তালিকা বাতিল।
নোটিশগুলো নাকচ সম্পর্কে স্পিকার সংসদকে জানান, এসব বিষয়ের মধ্যে বেশ কিছু বিষয় প্রচলিত আইনে সমাধান করা সম্ভব।
এছাড়া বেশ কিছু বিষয় ইতোমধ্যেই পয়েন্ট অব অর্ডারে সংসদে আলোচিত হয়েছে। তাই নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
