২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা আইন সংসদের চলতি অধিবেশনে পাশ হচ্ছে না

খোদ সরকারি দলের সদস্যদের মধ্যে তীব্র মতবিরোধের কারণে আদালত অবমাননা আইনটি  জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাশের জন্য চূড়ান্ত করতে পারেনি আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

দীর্ঘ তিন দিনের আলোচনার পর শেষ পর্যন্ত রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিলটি আরো যাচাই বাছাইয়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছেন।

এদিকে বিলটিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে বিরোধী দলের সদস্যরা এতে জোর আপত্তি জানিয়েছেন।

কমিটিতে বিরোধী দল আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, এ আইন পাশ হলে বিচার বিভাগের মর্যাদা ক্ষুন্ন হবে। বিচার বিভাগ আবারো নির্বাহী বিভাগের করতলগত হবে। আদালতকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হবে। সরকারও সংসদের শেষ সময়ে এ ধরণের মৌলিক আইন প্রণয়ন করতে পারে না। তাই নীতিগতভাবে আমরা এই আইনের বিরোধীতা করছি।

তিনি আইনমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, মন্ত্রী নিজেকে ও চার সচিবকে বাঁচানোর জন্য সংবিধানের ১০৮ অনুচ্ছেদের পরিপন্থী এ আইনটি প্রণয়নে তড়িঘড়ি করছেন। বর্তমান সহিংস ও সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে সুপ্রীম কোর্টই জনগণের একমাত্র আশ্রয়স্থল, সেখানে এ ধরণের আইন প্রণয়ন করে আমরা আদালতের উপর হস্তক্ষেপ করতে পারিনা।

বৈঠক সূত্র জানায়, শুধু বিরোধী দলের সদস্যরাই নয়, খোদ সরকারী দলের সদস্যরাও বিলটিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করে আরো যাচাই বাছাই করার পরামর্শ দেন। এ আপত্তিতে যোগ দেন খোদ চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনও।

পরে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, এতদিন শুধু বিরোধী দলই আইনটির বিরোধীতা করেছে। আজ আমি নিজেও এর বিরোধীতা করছি। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আরো যাচাই বাছাইয়ের জন্য সময় নেওয়া হয়েছে। এ অধিবেশনে বিলটি পাশের কোন সম্ভবনা নেই।

কমিটির সভাপতি খন্দকার মাহবুবউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির মোজ্জামেল হক।

সংসদের চলতি অধিবেশনে গত ৩ মে আইনমন্ত্রী আদালত অবমাননা আইন ২০০৬ উপস্থাপন করেন।

বিলটি চূড়ান্ত করতে সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার, শনিবার ও সর্বশেষ রোববার বৈঠকে মিলিত হয়।