দুই নেত্রী আলোচনায় বসলে সংস্কার উদ্যোগ ক্ষতিগ্রস্থ হবে: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার প্রশ্নে সৃষ্ট জটিলতা নিরসনে এ মুহূর্তে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার প্রয়োজন নেই। বরং তারা আলোচনায় বসলে চলমান উদ্যোগ ক্ষতিগ্রস্থ হতে পারে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে রোববার ইউনিটির সেগুনবাগিচার মিলনায়তনে ‘আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কারের বিষয়ে দুই দলের মধ্যে চিঠি চালাচালি না করে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার মুখোমুখি আলোচনা ফলদায়ক হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, এ মুহূর্তেই খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনায় অন্তর্ভূক্ত করা ঠিক হবে না। তারা আলোচনায় বসলে বরং চলমান উদ্যোগ ক্ষতিগ্রস্থ হতে পারে।
তিনি বলেন, সংস্কারের ইস্যুতে বিরোধী দল যদি শীর্ষ পর্যায়ে আলোচনার লিখিত প্রস্তাব দেয়, তাহলে আমরা বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা করবো।
তিনি আরো বলেন, যেহেতু ১৪ দল এবং চার দলীয় জোটের মধ্যে কমিটি পর্যায়ে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই এই মুহুর্তেই ‘ওয়ান -- টু -- ওয়ান’ আলোচনার প্রয়োজন নেই।
বিএনপি মহাসচিব বলেন, শুনেছি ১৪ দল নেতারা সংস্কার বিষয়ে কমিটি নিয়ে যে অচলাবস্থা বিরাজ করছে, তা নিরসনে মহাসচিব পর্যায়ে আলোচনার বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন।
তিনি বর্তমান তেল - গ্যাস -- বিদ্যুৎ - পানি সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভুয়া ভোটার এবং আগামী নির্বাচনে কালো টাকার প্রভাব - ইত্যাদি নানা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মান্নান ভূঁইয়া বলেন, সংকারের ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাবিত কমিটিতে জামায়াতের অন্তর্ভূক্তি নিয়ে ১৪ দল যে বিতর্ক শুরু করেছে , এটি সম্পূর্ণ অযৌক্তিক। যেহেতু জামায়াত চার দলের শরিক দল তাই তাদের বাদ দেওয়া কঠিন।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ জামায়াতের সাথে আলোচনা করেছে; একসাথে আন্দোলন করেছে। আর এখন তারা বলছে, আলোচনা থেকে তাদের বাদ দিতে হবে! আমি মনে করি, আওয়ামী লীগ তাদের এখনকার অবস্থান থেকে সরে আসবে।
তিনি আরো বলেন, অনেকে মনে করছেন, আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়েছে। কিন্তু আমি মনে করি, সাংবাদিকরা যদি উভয়ের মধ্যে ঝগড়া না লাগানোর চেষ্টা করে, তাহলে চিঠি চালাচালির মাধ্যমেই শেষ পর্যন্ত আমরা একটা যৌক্তিক মীমাংসায় আসতে পারবো।
এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, নির্বাচনকে কালো টাকা ও প্রভাবমুক্ত করার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয়, তাহলে আলোচনার মাধ্যমে তা করা সম্ভব। নির্বাচনী ব্যয় কমাতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকার মালিকদের নির্বাচন থেকে দূরে রাখার দায়িত্ব্ রাজনৈতিক দলগুলোর। নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো কালো টাকাওয়ালাদের নমিনেশন দেয়।
আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে মান্নান ভূঁইয়া বলেন, মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও আমরা ক্ষমতা ছাড়বো না। নির্বাচন অনিশ্চিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা ছয় - সাত মাস পর যথাসময়েই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। যারা নির্বাচনে জিতবে, তারাই ক্ষমতায় আসবে; সরকার গঠন করবে।
সারাদেশে চলমান বিদ্যুৎ - পানি - গ্যাস সমস্যার কথা স্বীকার না করেই তিনি বলেন, কিছু কিছু এলাকায় সমস্যা আছে। আর সমস্যা থাকলে জনগণ আন্দোলন করবে এটাই নিয়ম।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি একটি সাময়িক ব্যাপার। আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য। উন্নয়ন যতো বাড়বে, দ্রব্যমূল্য ততো বৃদ্ধি পাবে।
বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অথচ আমরা তেলের দাম বাড়াইনি।
বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে মান্নান ভূঁইয়া বলেন, বিদ্যুৎ উৎপাদন একটি প্রযুক্তিগত ও স্পর্শকাতর বিষয়। বিদ্যুত উৎপাদনে প্রচুর সময় ও অর্থ প্রয়োজন। দেশে অনেক পুরনো বিদ্যুৎ প্লান্ট আছে; যা পাকিস্তান আমলের। এগুলো এক সাথে রিপ্লেস করতে হবে। এ জন্য সময় প্রয়োজন।
তিনি ভুয়া ভোটার তালিকা করার জন্য বিএনপির দায় - দায়িত্ব অস্বীকার করে বলেন, ভোটার তালিকা বিএনপি করেনি; ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন। তারা বিভিন্ন স্কুলের শিক্ষক দিয়ে এই তালিকা প্রস্তুত করেছে। যদি কোনো আপত্তি থাকে, তাহলে ভোটারের নাম সংযোজন - বিয়োজন সম্ভব। এটি সংশোধনের জন্য এখনো সময় আছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, গত নির্বাচন কমিশনাররাও তো বিতর্কিত ছিলো। তখন যদি সুষ্ঠু নির্বাচন হতে পারে, এখন কেনো তা সম্ভব নয়? আমি মনে করি, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে।
মান্নান ভূঁইয়া বলেন, অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ’৯৬ এ আমরা ক্ষমতায় থাকার পরও নির্বাচনে হেরেছি। আর ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও তারা নির্বাচনে হেরেছে। ক্ষমতায় থাকার পরও কেউ নির্বাচনকে প্রভাবিত করতে পারেনি। তাই ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করা যায় - এ কথা বিশ্বাসযোগ্য নয়।
দেশের অভ্যন্তরীন নানা বিষয়ে বিদেশী হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বিদেশী সাহায্য ও সহযোগিতা প্রয়োজন। কিন্তু দেশের রাজনীতিতে বিদেশী শক্তির হস্তক্ষেপ আমরা চাই না।
টাটার বিনিয়োগ প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, তাদের প্রস্তাব আমরা ইতিবাচক হিসেবে নিয়েছি। তবে এ প্রস্তাব আরো পরীক্ষা -- নিরীক্ষা করা প্রয়োজন। আমরা যাতে গ্যাসের ন্যায্যমূল্য পাই, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। দেশের স্বার্থ রক্ষা করতে হবে ষোল আনা।
