ফকরুল ইসলাম মুন্সীর কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়েছেন জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এমপি, দেবীদ্বারে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুল ইসলাম মুন্সীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে সরকারি দলের সাংসদের নেতৃত্বে বিএনপি ক্যাডারদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি শনিবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত সরকার এখন বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দান ও হামলা চালাচ্ছে।
তিনি ফকরুল ইসলাম মুন্সীর কর্মসূচিতে হামলার ঘটনাকে মানুষের কণ্ঠ রোধ করে দুঃশাসন পাকাপোক্ত করার ক্ষেত্রে সরকারের নিকৃষ্ট নজির বলে উল্লেখ করেন।
আব্দুল জলিল বিবৃতিতে বর্বরোচিত এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
