বি. চৌধুরীর পুড়ে যাওয়া বাসভবন ‘মায়াবি’ পরিদর্শন করেছে আওয়ামী লীগ সংসদীয় প্রতিনিধি দল
জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে বৃহস্পতিবার আওয়ামী লীগ সংসদীয় প্রতিনিধি দল বিকল্পধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাসভবন ‘মায়াবি’ পরিদর্শন করেছে।
বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এসময় সংসদীয় প্রতিনিধি দলকে বাড়ির ক্ষতিগ্রস্থ অংশগুলো ঘুরিয়ে দেখান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অ্যাডভোকেট আব্দুল হামিদ উপস্থিত সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত না হওয়ার বিষয়টি যাবতীয় আলামতের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। এখানে গান পাউডার বা এ জাতীয় কোনো রাসায়ণিক ব্যাবহার করা হয়েছে। বাসার সকলকে হত্যার উদ্দেশেই এ ঘটনা ঘটানো হয়। সরকারের উচিত হবে ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া। তা না হলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের একজন সদস্যের বাসায় নির্মমভাবে আগুন লাগানো হয়েছে। এটা পরিস্কার যে, হত্যার উদ্দেশেই নাশকতামূলক এ ঘটনা ঘটানো হয়।
নাশকতামূলক ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা সংসদে গিয়ে অবিলম্বে দায়ী ব্যাক্তিদের গ্রেপ্তারের দাবি জানাবো।
প্রতিনিধি দলে ছিলেন, বিরোধী দলীয় নেতার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত, এমপি, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, কর্ণেল (অব.) ফারুক খান, এমপি, বিরোধী দলীয় হুইপ আশরাফ আলী, এমপি ও সাবেক সাংসদ রহমত উল্লাহ প্রমুখ।
