২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা নিয়ে সংসদ উত্তপ্ত

উচ্চ আদালতের রায় উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রকাশিত নতুন ভোটার তালিকার খসড়ার বৈধতা নিয়ে বুধবার সংসদের বৈঠক উত্তপ্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পয়েন্ট অব অর্ডারে প্রায় এক ঘন্টার অনির্ধারিত বিতর্কে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা প্রায় পৌনে দুই কোটি ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্তির অভিযোগ করে তালিকা বাতিলের দাবি জানান। এ বিষয়ে তারা সংসদে আলোচনার সুযোগ চান।

কিন্তু স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আদালতে বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনার সুযোগ নেই বলে তাদের দাবি নাকচ করে দেন।

তিনি সংসদকে জানান, এ বিষয়ে আলোচনার স্থান সংসদ নয়। এর জন্যে আইন আদালত রয়েছে।

এদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিরোধী দলের দাবি নাকচ করে দিয়ে বলেন, এখানে এ বিষয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। ভোটার তালিকা প্রণয়ন ও সংরক্ষণের জন্যে আইন রয়েছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী এ তালিকা তৈরি করেছে। এরপরও কোনো অভিযোগ থাকলে তা আদালত বিবেচনা করবে।

তিনি বলেন, বিএনপির কেউ এ ভোটার তালিকা করেনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন এ তালিকা তৈরি করেছে। আমাদেরও অনেকে রয়েছেন, যারা ভোটার হতে পারেননি। তবে বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্তি ও ভুয়া ভোটার থাকলে তাদের বাদ দেওয়ারও সুযোগ রয়েছে।

আইনমন্ত্রীর বক্তব্যের সময় আওয়ামী লীগ সদস্যরা একযোগে হইচই করে প্রতিবাদ জানান।

স্পিকার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠক রাত পৌনে ৮টায় প্রশ্নোত্তর পর্ব শেষে জিরো আওয়ারে অনির্ধারিত বক্তব্য শুরু হয়।

আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট রহমত আলী, শাহজাহান খান, মোহাম্মদ নাসিম, আখম জাহাঙ্গীর হোসেন এবং সরকারি দলের আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, মঞ্জুর কাদের, নাজিম উদ্দিন আলম, শাহ রুহুল কুদ্দুস, মনিরুল হক চৌধুরী আলোচনায় অংশ নেন।

বিরোধী দলের সদস্যরা ভোটার তালিকা ছাড়াও সংসদ ভবনে আগুন নিয়ে গঠিত তদন্ত কমিটি, সংসদে ১০১জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারি, সংসদে জঙ্গির সহযোগী গ্রেপ্তার ও অনুপ্রবেশসহ সার্বিক নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করেন।

বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, বিএনপি জামাত জোট ভুয়া ভোটার তালিকার মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবারো ক্ষমতায় আসতে চায়।

এ সময় বিরোধী দলীয় হুইপ মির্জা আজম ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তি না হওয়া নিয়ে আলোচনার জন্যে ফ্লোর চাইলে স্পিকার তাকে মাইক না দিয়ে বলেন, এ বিষয়ে আলোচনার জন্যে এটি উপযুক্ত ফোরাম নয়। আপনি আইনের আশ্রয় নিতে পারেন।

সরকারি দলের সদস্যরা বিরোধী দলকে বিধি মোতাবেক আলোচনার জন্যে আহ্বান জানান।