২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি’র বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ঢাকায় মঙ্গলবার আমেরিকান চেম্বারের অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি লাগামহীনভাবে যে বিষোদ্গার করেছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং এর সকল অঙ্গ ইউনিয়নের নেতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 02:45 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তারা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের ব্যাপারেও আহ্বান জানান।

সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে এমএ আজিজের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএফইউজে’র নেতারা বুধবার এক বিবৃতিতে বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যখন গণমাধ্যমের ভূমিকার ওপর সবাই গুরুত্ব দিচ্ছেন ঠিক সেসময় খোদ প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ও গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ ধরনের বক্তব্য দিয়ে নিজেকে জোট সরকারের গণমাধ্যম বিরোধী গোষ্ঠীর পাশেই দাঁড় করিয়েছে বলে তারা জানান।

বিএফইউজে নেতারা বলেন, ভোটার তালিকা প্রণয়ণে আদালতের নির্দেশনা অমান্য করা নিশ্চয়ই খবর। ভোটার তালিকায় অসংখ্য মানুষের নাম অন্তর্ভুক্ত না করা নিশ্চয়ই অনিয়ম। ভোটার তালিকার নামে কোটি কোটি টাকার লুটপাট নিশ্চয়ই সাংবাদিকদের পেশাগত আগ্রহের বিষয়।

বিবৃতিতে নেতারা দৃঢ়তার সাথে বলেন, এসব বিষয়ে খবর প্রকাশ করলে প্রধান নির্বাচন কমিশনার ও তার দোসররা মনক্ষুণœ হতে পারেন, কিন্তু সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসতে পারে না।

নেতারা আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক পদে বসে এমএ আজিজ ও তার দোসররা যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তাতে তাদের কদর্য চেহারাই বারবার ফুঠে উঠেছে।

তারা অভিযোগ করে বলেন, সিইসি দুুই সহযোগীকে পাশ কাটিয়ে নির্বাচন কমিশনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দলবাজ দুই সহকর্মীকে নিয়ে কোটারি তৈরি করেছেন। দুই সহযোগীর বিদায়ের দিনে তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাতের সৌজন্যটুকু যিনি দেখাতে পারেননি দেশের কোনও সাংবিধানিক পদে তার থাকার কোন যোগ্যতা আছে বলে আমরা মনে করি না।

এমএ আজিজের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সাংবাদিক নেতারা সংশয় প্রকাশ করে বিবৃতিতে বলেন, এমএ আজিজ নিজের ঢোল নিজে যতই পেটান না কেন ইতিমধ্যেই তার চরিত্রের যে প্রকাশ তিনি ঘটিয়েছেন তাতে তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যে কোনভাবেই সম্ভব নয় তা দেশের সচেতন মানুষদের পাশাপাশি সাংবাদিকরাও বিশ্বাস করেন।

তারা বলেন, সাংবাদিকরা কারও বিরুদ্ধে নয়। নির্বাচন কমিশন এবং এমএ আজিজ গংদের নানা কর্মকা-ের খবর তুলে ধরে কেবল সংবাদমাধ্যম দায়িত্বশীলতার ও সাংবাদিকরা তাদের পেশাদারিত্বের প্রতিফলন ঘটাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ দেশের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও হুমকি বা ধমকের কাছেই মাথা নত করবে না। এমএ আজিজ ও তার দুষ্কর্মের সহযোগী এবং তাদের রক্ষাকারী গডফাদাররা এ সত্যটি যত দ্রুত বুঝতে পারবেন ততই মঙ্গল।

সাংবাদিক নেতারা সংবাদমাধ্যম সম্পর্কে এমএ আজিজের ঢালাও মন্তব্য প্রত্যাহারের আহবান জানান।

গণমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের যে মানসিকতা তা দ্রুত পরিবর্তন না করলে ভবিষ্যতে তিনি নিজেকে এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে গভীর সংকটে ফেলবেন বলেও নেতারা বিবৃতিতে অভিমত ব্যক্ত করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিলাত ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আকাশ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বরূপ কুমার বকশী ও সাধারণ সম্পাদক একরাম হোসেন তালুকদার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মনা এবং ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী ইয়াসিন ও সাধারণ সম্পাদক আতউল করিম।