২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ফ্রান্স যৌথ অংশীদারিত্বের ব্যাপারে ঐকমত্য

বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিশ্ববাজারে স্বল্পোন্নত দেশগুলোর পণ্য প্রবেশের ক্ষেত্রে কোটামুক্ত ও শুল্কমুক্ত সুবিধা প্রদানের ক্ষেত্রে ফ্রান্সের কাছে সমর্থন চেয়েছে বাংলাদেশ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান দু দিনের সরকারি সফরে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ্পে দোস্তে ব্লাজির সাথে তার কুয়াই ডি ওরসে’র কার্যালয়ে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ফ্রান্স সফর।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকার ফরাসি ভাষাভাষী দেশগুলোতে বাংলাদেশের যেসব শান্তিরক্ষীরা কাজ করছেন তাদের ফরাসি ভাষা শেখানোর ব্যাপারে ফ্রান্স আগ্রহী।

দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এ আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি বিশেষ স্থান পায়।

বাংলাদেশে লাফার্জের বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে দোস্তে ব্লাজি বলেন, বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশে ফান্সের বিনিয়োগকারী বিনিয়োগের ব্যাপারে আগ্রহী এবং এর মাধ্যমে তারা লাভবান হতে চান।

আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রীরা দু দেশের মধ্যে দ্রুত বিকাশমান বাণিজ্যের ব্যাপারে সন্তোষ প্রকাশ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারের চমৎকার সম্ভাবনার ব্যাপারেও একমত পোষণ করেন।

গত ২০০৪-- ০৬ অর্থবছরে বাংলাদেশ ফ্রান্সের মোট ৭৮১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে এবং বাংলাদেশ একই সময়ে ফ্রান্স থেকে আমদানি করে একশ’ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের লক্ষ্যে মন্ত্রীরা দু দেশের ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে নিয়মিত ও নিবিড় যোগাযোগ, বাণিজ্য সংক্রান্ত তথ্যের আদানপ্রদান বৃদ্ধি এবং বাণিজ্য প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

এম মোর্শেদ খান দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতি, বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নারী--পুরুষ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ব্যাপারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের কিছু সাফল্যের বিষয়েও তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ব্যাপারে দু দেশের পররাষ্ট্রমন্ত্রীই একমত হয়েছেন।

বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ২০০৭ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বাংলাদেশের একক শিল্প প্রদর্শনীর সিদ্ধান্তের বিষয়টি এম মোর্শেদ খানকে অবহিত করেন।

এছাড়া শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে প্রশিক্ষণ বিনিময়ের ব্যাপারেও দু দেশের মন্ত্রী একমত পোষণ করেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন এবং যারা এক্ষেত্রে আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এম মোর্শেদ খান সুনামগঞ্জে প্রতিষ্ঠিত লাফার্গ সিমেন্ট কারাখানা উদ্বোধনের সময় বাংলাদেশ সফরের ব্যাপারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।