২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা উপনির্বাচনের মাধ্যমেই জাতীয় পার্টির জয়যাত্রা শুরু হবে: এরশাদ

জাতীয় পার্টির (জাপা--এরশাদ) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গাইবান্ধা উপনির্বাচনে তার দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ এখন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেরাই আন্দোলন শুরু করেছে। আগামীতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিনি শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারাভিযানে অংশ নিয়ে কয়েকটি জনসভা ও পথসভায় একথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, করিমউদ্দিন ভরসা, সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, শাহ মোহাম্মদ সোলায়মান আলম, নূর এ হাসনা চৌধুরী লিলি, আব্দুর রশীদ সরকার ও দলীয় প্রার্থী লুৎফর রহমান চৌধুরী।

এরশাদ দেশের বিরাজমান অবস্থার চিত্র তুলে ধরে বলেন, প্রতিটি ক্ষেত্রে এখন সংকট বিরাজ করছে। তেল, সার ও বিদ্যুতের অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুত সংকটের কারণে দেশ আজ অন্ধকারাচ্ছন্ন। বিদ্যুতের দাবিতে কানসাটে ২০ মানুষকে প্রাণ দিতে হয়েছে। এর সমাধানে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, দেশের মানুষ দেশে দুইটি সরকারের শাসন দেখেছে। তাদের ব্যর্থতার কারণে জাতীয় পার্টির পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। গাইবান্ধা উপনির্বাচনের মাধ্যমেই জাতীয় পার্টির পক্ষে সেই জয়যাত্রা শুরু হবে।