২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটবাসী কোনোদিন ভুলবেনা সাড়ে ৩ মাসের বিভীষিকা

কানসাট আন্দোলনের কাছে সরকারের নতি স্বীকারে কানসাটের ঘরে ঘরে এখন যুদ্ধ জয়ের আনন্দ। কিন্তু টানা তিনমাসের বিভীষিকাময় সময়ের কথা তারা ভুলতে পারছেন না, ভুলতে পারছেন না পুলিশের নিষ্ঠুর নির্যাতনের কথা। নিষ্ঠুর ওই নির্যাতনের কথা তারা কোনোদিনই ভুলতে পারবে না।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন অনিয়ম দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে গত বছরের ৩১ আগস্ট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ আন্দোলন শুরু করলে জানুয়ারি মাসের ৪ তারিখে কানসাটে পুলিশি নির্যাতনের বিভীষিকা নেমে আসে।

ওই দিন সংগ্রাম পরিষদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। এরা হলো- মোহাম্মদ কাজল ও নয়ন কর্মকার।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। সেই থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে কানসাট। আন্দোলনের সাথে বাড়াতে থাকে জন সম্পৃক্ততা।

এরই মধ্যে ২২ জানুয়ারি দিবাগত রাতে সংগ্রাম পরিষদের আহ্বাক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরীসহ আরো ৯ নেতাকর্মীকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গোলাম রব্বানীর অনুপস্থিতিতেই দলমত নির্বিশেষে গ্রামবাসী দুর্বার আন্দোলন গড়ে তোলে।

২৩ জানুয়ারি সকাল থেকেই চাঁপাই - সোনামসজিদ মহাসড়কে বিভিন্ন স্থানে বিদ্যুতের পিলার (খুটি) ফেলে এবং রাস্তা খুড়ে ব্যারিকেড সৃষ্টি করে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। সেদিনও মারমুখি ভুমিকা পালন করে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় সাতজন। নিহতরা হলো আনোয়ারুল (২৫), কাইমুল ইসলাম গরিবুল্লাহ (৩৮), নাসির (৩৫) আনোয়ার ইসলাম বাবু (১৪) দাউদ আলী, আব্দুল মান্নান, আনারুল (২৮)।

আন্দোলনে নয়জনের মৃত্যু হলেও থেমে থাকেনি ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। অবিরত বিক্ষোভের মুখে অবশেষে ২৯ জানুয়ারি গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার পক্ষ।

ছাড়া পাওয়ার সংগ্রাম পরিষদের সঙ্গে আলোচনা বসতে সম্মত হয় সরকার পক্ষ। সরকারের সাথে সংগ্রাম পরিষদের কয়েক দফা আলোচনাও হয় ।

কিন্তু সরকার পক্ষের টালবাহানা ও ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত সকল আলোচনা ভেস্তে যায়। দাবি আদায়ের লক্ষে আবারো কর্মসূচি শুরু করে সংগ্রাম পরিষদ। তারা ৬ এপ্রিল লাঠি মিছিলের ঘোষণা দেয়। সেদিনই স্থানীয় বিএনপিও প্রতিবাদ সভা আহ্বান করে।

ওই দিন সংগ্রাম পরিষদ ও বিএনপি মধ্যে সংঘর্ষে ৫ জন। এরা হচ্ছে আকরাম দাদ খান, মাহবুবুর রহমান, আব্দুল কাদের জিলানি, আনোয়ার ও সায়েদ। এর পর হার্ডলাইনে যায় সরকার পক্ষ। সংগ্রাম পরিষদের সঙ্গে আর কোনো আলোচনা নয় বলে সরকার ঘোষণা দেয়।

কানসাটে মোতায়েন করা হয় পুলিশ - বিডিআর। ১৪৪ ধারা জারি করে অবরুদ্ধ করে ফেলে কানসাটবাসীকে। পুলিশ দফায় দফায় ব্যাপক তা-ব চালায়। এ সময় ১২ এপ্রিল পুলিশের গুলিতে আরো তিনজন নিহত হয়। নিহতরা হচ্ছে- ১০ বছরের শিশু আনোয়ার, বাবু ও আব্দুর রহমান মস্টার।

এরপর টনক নড়ে সরকারের। মন্ত্রী পর্যায়ে একটি সমঝোতা সমন্বয়ক কমিটি গঠনে করে এবং আন্দোলনের সব দাবি মেনে নিয়ে গত রোববার রাজশাহী সার্কিট হাউসে একটি চুক্তি সম্পাদন হয়।

৩ মাস ধরে চলা এ বিভীষিকা কানসাটবাসীর মনে চিরদিনের জন্যে স্মরণীয় হয়ে থাকবে এ অভিমত কানসাটের অনেকেরই। বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে ১৭ জন নিহত হলেও সরকারের পরাজয়ে সব শোক মলিন করে দিয়েছে ।

এ আন্দোলনে নিহত আব্দুল কাদের জিলানীর ভাই সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, নিজ ভাইকে হারিয়ে যতটুকু না শোকাহত হয়েছি তার চেয়ে বেশি গর্ববোধ করি আন্দোলনের বিজয়ে। নিহত আব্দুল মান্নানের স্ত্রীর সংসার চলে প্রতিবেশীদের সহযোগিতায়। আন্দোলন সফল হওয়াতে তিনিও খুশি।

তিনি বলেন, নির্ধারিত এক মাসের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে আবারো আগুন জ্বলবে কানসাটে। একই রকম মন্তব্য করেন আনোয়ারের বাবা মাইনুল ইসলাম, মা মনোয়ারা বেগম ও কাজলের মা আনোয়ারা বেগম।

তারা আরো বলেন, আমাদের এ আনন্দ আরো বাড়তো যদি স্থানীয় এমপি শাহজাহান মিয়া পদত্যাগ করতো।