২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে অপকর্মের জন্যে কানসাটের মতো দেশের প্রতিটি গ্রামে গ্রামে ক্ষমা চাইতে হবে : ড. কামাল

জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সরকারের বিভিন্ন ব্যর্থতার সমালোচনা করে বলেছেন, সরকারের বিভিন্ন অপকর্মের জন্যে কানসাটে যেমন ক্ষমা চাইতে হয়েছে, তেমনি দেশের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে তাদের ক্ষমা চাইতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছে আগামী নির্বাচনে তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরাম ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

আলোচনায় আরো অংশ নেন বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, বার কাউন্সিল নেতা জেডআই খান পান্না, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অধ্যাপক রেজা কিবরিয়া।

ড. কামাল হোসেন বলেন, একটি চক্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজয়ী হয়ে সংসদকে অসৎ কর্মকা-ের কেন্দ্রবিন্দু বানিয়েছে। এ রাজনৈতিক ব্যবসায়ীদের আগামী নির্বাচনে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। সন্ত্রাস ও কালো টাকার বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে সৎ ও যোগ্য রাজনীতিকদের বিজয়ী করতে হবে। এ বছর থেকেই রাজনীতি থেকে কালো টাকাকে বিদায় জানাতে হবে।

তিনি সরকারের বিরুদ্ধে আগামী নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ করে বলেন, জনগণ এবার জেগেছে। কোনো অবস্থাতেই সরকারকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, সরকারের মন্ত্রিসভার সদস্যদের ৩০ বছর আগের ও বর্তমান সম্পদের বিররণ পাওয়া গেলেই দেশের ৬০ শতাংশ দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে। বর্তমান সরকারের কোনো প্রকল্পের কাজই ৩০ শতাংশের বেশি হচ্ছে না। শুধু লুটপাট আর দুর্নীতি চলছে। দুই কোটি টাকার কাজের জন্যে ১০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু সরকারের পরিবর্তন হলেই চলবে না, দুর্নীতি রোধে সরকারের মানসিকতারও পরিবর্তন করতে হবে।

সভায় বক্তারা স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে দুর্নীতিবাজ সরকারকে বিদায় করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।