কানসাট হত্যাকাণ্ডের জন্যে সরকারের কঠোর সমালোচনা করেছে সুশীল সমাজ
কানসাট হত্যাকাণ্ডের জন্যে সরকারের কঠোর সমালোচনা করেছে সুশীল সমাজ। তারা বলেছে, জনগণের ন্যায্য দাবি পূরণে সরকার ব্যর্থ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশ ও শাসক দলের নেতাকর্মীদের হামলা গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত হয়।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ হত্যকাণ্ডের বিচার, বিদ্যুৎ বিল কমানো এবং জমির ফসল রক্ষায় অব্যাহত বিদ্যুৎ সরবরাহসহ ১৪ দফা দাবিতে গত শুক্রবার থেকে লাগাতার হরতাল আহ্বান করে।
সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অবিশ্বাস্য! রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণের ন্যায্য দাবি ও আশাআকাক্সক্ষা বাস্তবায়নে শাসকগোষ্ঠীর উদাসীনতার বহিঃপ্রকাশ ঘটেছে।
অতীতের ইতিহাসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ঔপনিবেশিক ও পাকিস্তানি শাসনামলেও দেশের মানুষ এ ধরনের নির্যাতন প্রত্যক্ষ করেছে।
জনগণের আকাক্সক্ষা ও প্রয়োজনে শাসকরা সাড়া দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ঘটলেও শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান সেই আগের মতোই আছে।
তিনি এ ঘটনায় বিরোধী দলের সমালোচনা করে বলেন, বিরোধী দলের উচিত ছিল সরাসরি কানসাটের জনগণের পাশে দাঁড়ানো, কিন্তু তা না করে তারা কেবল হরতাল আহ্বানের মাধ্যমে তাদের দায় সেরেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, এটি সরকারের ব্যর্থতা। ফসলের জমিতে বিদ্যুৎ সরবরাহের দাবিতে কানসাটের জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের এ দাবি অন্যায্য নয়।
তিনি বলেন, দেশের জনগণ সংবেদনশীল এবং এক্ষেত্রে সরকার আন্দোলনের প্রথমদিকেই শান্তিপূর্ণ উপায়ে তাদের আশ্বস্ত করতে পারত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কানসাটে ‘দুঃখজনক’ হত্যাকাণ্ডের ব্যাপারে সুশীল সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ এসেছে, তা অত্যন্ত সামান্য বলে অভিহিত করে বলেন, এটি একটি ভয়ানক ঘটনা এবং কোনও সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।
