জনতা টাওয়ার দুর্নীতি মামলা: রিটের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাফিডেভিট--ইন--অপোজিশন দাখিল করেছেন এরশাদ
বহুল আলোচিত জনতা টাওয়ার দুর্নীতি মামলায় সাবেক সামরিক শাসক হুসাইন মুহাম্মদ এরশাদের কাছ থেকে মোট জরিমানার অনাদায়ী টাকা আদায়ের জন্যে দায়েরকৃত রিট আবেদনের বিরুদ্ধে বিবাদী বুধবার হাইকোর্টে অ্যাফিডেভিট--ইন--অপোজিশন দাখিল করেছেন।
রিট আবেদনের বিরুদ্ধে অ্যাফিডেভিট-ইন--অপোজিশন দাখিল করার জন্যে সাবেক প্রেসিডেন্ট এরশাদ সুপ্রিম কোর্টের একজন সহকারী রেজিস্ট্রারের সামনে উপস্থিত হয়েছিলেন।
এদিকে বুধবার থেকে হাইকোর্টে রিট আবেদনটির শুনানি শুরু হয়েছে।
বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে জনতা টাওয়ার মামলার এমিকাসকিউরি অ্যাডভোকেট এমএ মালেকের আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস (ব্লাস্ট) চলতি বছরের ২৩ মার্চ জনতা টাওয়ার দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের জরিমানার অনাদায়ী অংশ আদায় করতে হাইকোর্টে রিট আবেদনটি দাখিল করে।
হাইকোর্টের একই বেঞ্চ মামলায় সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা দিতে এমিকাসকিউরি হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এএফ হাসান আরিফ ও অ্যাডভোকেট এমএ মালেককে নিয়োগ দেন এবং ৪ এপ্রিল রিট আবেদনের পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন।
কিন্তু এরশাদ সময় চেয়ে আবেদন জানালে হাইকোর্টের একই বেঞ্চ মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।
১৯৯৩ সালের ৭ জুন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনতা টাওয়ার দুর্নীতি মামলায় এরশাদকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন।
এরশাদ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানালে হাইকোর্ট কারাদণ্ড দুই বছর কমিয়ে পাঁচ বছর করেন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাব অনুযায়ী ৫৪,৮৭০,৮০০ টাকা জরিমানা ধার্য করেন।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ সংশোধন করে কারাদণ্ডের মেয়াদ কমিয়ে সাড়ে তিন বছর করেন।
এরশাদ সাড়ে তিন বছর তিন মাস কারাদণ্ড ভোগ করেন এবং ২৭,৪৩৫,৪০০ টাকা জরিমানা দেন।
ঢাকার বিশেষ বিভাগীয় বিচারক ২০০১ সালের ২৮ ফেব্র“য়ারি এরশাদকে অবশিষ্ট তিন মাসের কারাদণ্ড ভোগ থেকে অব্যাহতি প্রদান করেন এবং অনাদায়ী অবশিষ্ট জরিমানা মওকুফ করেন।
ব্লাস্টের পক্ষে অ্যাডভোকেট এমএ মান্নান বিশেষ বিভাগীয় বিচারকের রায় চ্যালেঞ্জ করে রিট আবেদন দাখিল করেন।
আদালতে এরশাদের পক্ষে অ্যাডভোকেট মনসুরুল ইসলাম ও অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম এবং রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আখতার বাবুল ও সহকারি অ্যাটর্নি জেনারেল শেখ তাইমুর রেজা হাসান মামলা পরিচালনা করেন।
