চট্টগ্রাম বন্দর সংক্রান্ত জটিলতা নিরসনে মেরিটাইম কাউন্সিল গঠনের ঘোষণা দিলেন নৌপরিবহন মন্ত্রী
আকবর হোসেন চট্টগ্রাম বন্দর সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে একটি মেরিটাইম কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন।
সোমবার ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মিত ‘টক শো’তে তিনি এ ঘোষণা দেন।
বেসরকারি সংস্থা ডিটিভি নেটওয়ার্ক বাংলাদেশ এ অনুষ্ঠানটি নির্মাণ করেছে।
দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক জাহিদুজ্জামান ফারুকের উপস্থাপনায় টক শোতে আরো অংশ নেন ঢাকাস্থ চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সমিতির সহ-সভাপতি সলিমুল হক।
জাসদ নেতা বাদল বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বন্দর পরিচালনায় চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দাবি অনুযায়ী একটি মেরিটাইম কাউন্সিল প্রতিষ্ঠার দাবি জানান।
জবাবে নৌপরিবহন মন্ত্রী আকবর হোসেন ঘোষণা দেন, দায়িত্বশীল কর্মকর্তা ও ব্যবসায়ীদের নিয়ে এ মাসের মধ্যেই মেরিটাইম কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। এতে তার মন্ত্রণালয়ের একজন ও মংলা বন্দরের তিনজন কর্মকর্তাকে রাখা হবে। প্রয়োজনে চট্টগ্রামের সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীও ওই কাউন্সিলে থাকতে পারেন।
তিনি এ কাউন্সিলের রূপরেখা প্রণয়নের দায়িত্ব বন্দর ব্যবহারকারী সমিতিকে দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল দরপত্রসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করে বিদেশি সংস্থার কাছে ইজারা দেওয়া হলে সংকটের সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই বলে জানান মীর নাসির হোসেন।
অনুষ্ঠানটি আগামী সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে সংস্থার প্রশাসন বিভাগের প্রধান হারুন উর রশীদ বিডিনিউজকে জানান।
