সিইসি এমএ আজিজ ও বিএনপি’র এমপি আদালত অবমানননার জবাব দিলেন (বিস্তারিত)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের সাংসদ নুরুল ইসলাম মনি রোববার তাদের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আনীত আদালত অবমাননার আদেশের জবাব দিয়েছেন।
সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করায় সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে যে আদেশ জারি করে দুটি পৃথক আবেদনে তারা সে আদেশের উত্তর দেন।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও সাংসদ নুরুল ইসলাম মনি তাদের বিরুদ্ধে জারিকৃত আদেশ প্রত্যাহার করে আদালত অবমাননার দায় থেকে মুক্তি দেওয়ার জন্য আপিল বিভাগের কাছে আবেদন জানান।
সুপ্রিম কোর্ট রোববার এ আবেদন গ্রহণ করে এবং ১০ এপ্রিল সোমবার শুনানির দিন ধার্য করে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের দায়ের করা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সিইসি বিচারপতি এমএ আজিজ অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদের মাধ্যমে এবং নুরুল ইসলাম মনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মাধ্যমে সুপ্রিম কোর্টে তাদের আবেদন দায়ের করেন।
সিইসি’র পক্ষের কৌঁসুলী আবেদনে জানান, ২৭ মার্চ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আপিল বিভাগের ইস্যুকৃত আদালত অবমাননার আদেশে উল্লেখ করা হয়নি কিভাবে বিচারপতি এমএ আজিজ আদালত অবমাননা করেছেন।
আবেদনে আরও বলা হয়, সিইসি নিজেই আপিল বিভাগের একজন সম্মানিত বিচারক এবং আদালতের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। এক্ষেত্রে তার মাধ্যমে আদালত অবমাননার মতো কোন কাজ করার প্রশ্নই ওঠে না।
অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ভোটার তালিকা তৈরির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিইসি’র দায়েরকৃত লিভ টু আপিলের নিস্পত্তির ব্যাপারেও আবেদন জানান।
সাংসদ নুরুল ইসলাম মনি’র পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার আবেদনে বলেন, নুরুল ইসলাম মনি আপিল বিভাগের বিচার প্রক্রিয়াধীন বিষয়ে কোনও অবমাননাকর মন্তব্য করেননি এবং বিচার বা আদালতের আদেশের ব্যাপারে আগাম কোনও মন্তব্য করেননি।
আবেদনে উল্লেখ করা হয়, অ্যাড. খন্দকার মাহবুবুদ্দিন আহমেদের কাছে ৪ এপ্রিল সাংসদ নুরুল ইসলাম খানের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাপারটি ভিত্তিহীন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭ মার্চ আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ও সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে স্যুয়োমোটো আদেশ জারি করে।
ওই আদেশে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনার এবং নূরুল ইসলাম মনির বিরুদ্ধে লিভ টু আপিলের সাথে একটি চিঠি জুড়ে দিয়ে দেশের ‘সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা’ প্রদর্শন করায় কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না ৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম মনি ৪ ফেব্র“য়ারি বিশেষ এক বার্তাবাহককে দিয়ে নির্বাচন কমিশনের প্রধান পরামর্শক অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র কাছে একটি ‘গোপনীয় এবং জরুরি পত্র’ পাঠান।
ওই চিঠিতে নূরুল ইসলাম মনি জানান, আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আলাউদ্দিন আহমেদ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় এক টক শো'তে নূরুল ইসলাম মনির আগেই বলেন, ৬ ফেব্র“য়ারির পর প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে নির্বাচন কমিশন ত্যাগ করতে হবে। ওই তারিখে ভোটার তালিকা সংক্রান্ত ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল।
নির্বাচন কমিশন ৫ ফেব্র“য়ারি লিভ টু আপিলের সাথে ওই চিঠিটি জুড়ে দেয় এবং শুনানি স্থগিত এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারিখ বিলম্বিব করাতে একটি সম্পূরক আবেদন আপিল বিভাগে দায়ের করে।
আওয়ামী লীগের আব্দুল জলিল এমপি, অ্যাড. রহমত আলী এমপি ও আসাদুজ্জামান নূর এমপি অন্য দুই নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে সিইসি’র একক সিদ্ধান্তে ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্তএবং রাজনৈতিক বিবেচনায় নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের বিষয়টি চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ১২ ডিসেম্বর দুটি পৃথক রিট আবেদন দায়ের করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পাঁচ দফা নির্দেশনাসহ ৪ জানুয়ারি রায় প্রদান করে।
হাইকোর্টের রায়ের তিন দফা নির্দেশনাকে চ্যালেঞ্জ করে সিইসি ১ ফেব্র“য়ারি সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেন।
আদেলতে মূল আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাড. আব্দুল বাসেত মজুমদার, অ্যাড. মনজিদ মুরশিদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার তানজিবুল আলম ও ব্যারিস্টার মঈন ফিরুজী।
অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাড. টিএইচ খান এবং বিচারপতি এমএ আজিজের পক্ষে অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, অ্যাড. এসআর খোশনবিশ, অ্যাড. তৌঢিব ইনাম টিপু মামলা পরিচালনা করেন।
সাংসদ নূরুল ইসলাম মনির পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
