কানসাট হত্যাকান্ডে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বৃহস্পতিবার নির্বিঘœ বিদ্যুৎ সরবরাহের দাবিতে আন্দোলনরতদের চারজনকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ শুক্রবার বলেন, সরকারকে ক্ষমতা থেকে অপসারন করে জনগণ কানসাট হত্যাকান্ডের বদলা নেবে।
কানসাট হত্যাকান্ডের প্রতিবাদে সিপিবি নগরীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহিন হোসাইন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাভলু এবং আব্দুল কাদের।
তারা কানসাটের জনগণের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে কানসাটের জনগণের উপর জোট সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কানসাটে চারজনকে হত্যার প্রতিবাদে নগরীতে সমাবেশ করে।
জাসদের নগর শাখা সভাপতি মীর আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মইনুদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, নাজমুল হক প্রধান, করিম শিকদার প্রমুখ।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডাকসু ভবনে আয়োজিত এক সমাবেশে বর্তমান জোট সরকারের কবল থেকে জাতিকে মুক্ত করতে কানসাট হত্যাকান্ডের প্রতিবাদে দেশের ছাত্র, শ্রমিক, কৃষক, মজদুর সহ সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।
এসময় তারা কানসাটে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
