‘সংস্কার ইস্যুতে সংলাপে জামাত নয়’: মান্নান ভুঁইয়ার চিঠির জবাব দিতে ১৪ দলের ৭ সদস্যের কমিটি গঠন
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির জবাব তৈরী করতে সাত সদস্যের ‘ড্রাফট কমিটি’ করেছে আওয়ামী লীগসহ ১৪ দল।
সোমবার সকালে কমিটি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে আলোচনার জন্য সরকারি দলের দেওয়া চিঠির জবাব প্রস্তুত করবে। ‘অচিরেই’ চিঠির উত্তর দেওয়া হবে।
সাত সদস্যের ড্রাফট কমিটিতে রয়েছেন আব্দুল জলিল এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, পংকজ ভট্টাচার্য ও এনামুল হক।
রোববার ১৪ দলের দু’ দফায় অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য সংলাপে জামাতের অংশগ্রহণ প্রশ্নেও ১৪ দল বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। ‘সংস্কার ইস্যুতে সংলাপে জামাত নয়’ -- জোটভুক্ত দলগুলোর মধ্যে নীতিগতভাবে এ ব্যাপারে একমত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আব্দুল জলিলের ফিরতি চিঠিতে এ বিষয়ে ইঙ্গিত থাকতে পারে।
সংস্কার বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপিকে দেওয়া বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির ব্যাপারে ১৪ দলের লিয়াজোঁ কমিটি রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মুলতবি সভায় বসে।
পরে তারা বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৈঠক করেন।
সুধাসদনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিএনপি’র দেওয়া চিঠিসহ সংস্কার বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সরকারি দলের সঙ্গে বিরোধী দলের সম্ভাব্য সংলাপে জামাতের অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে বলে সভা সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ স্ব স্ব দলের মধ্যে আলোচনায় জামাতের বিরুদ্ধে নীতিগতভাবে অবস্থান নেয়।
সুধাসদনের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের জানান, আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির জবাব প্রস্তুতের জন্য সাত সদস্যের ড্রাফট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বসে চিঠির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
“তবে চিঠির জবাব দিতে আমরা মান্নান ভুঁইয়া সাহেবের মতো নয় দিন সময় নেবো না। অচিরেই এই চিঠি পাঠানো হবে.” বলেন আব্দুল জলিল।
তিনি বলেন, চিঠি চালাচালি ও আলোচনা প্রক্রিয়ার পাশাপাশি আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় কৌশল নিয়েও সভায় আলোচনা হয় বলে তিনি জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি স্বত:স্ফূতভার্বে সফল করে জনগণ জোট সরকারকে একবার ‘না’ বলে দিয়েছে।
“১৯ এপ্রিলের কর্মসূচিও সর্বাতœকভাবে সফল করে জনগণ সরকারকে আবারও ‘না’ বলে দেবে,” তিনি বলেন।
আব্দুল জলিল বলেন, সংস্কার বাস্তবায়ন না করে সরকার এ নিয়ে টালবাহানা এবং কালক্ষেপণ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ তার দলের নেতা ও মন্ত্রীরা প্রস্তাবকে ব্যঙ্গ ও উপেক্ষা করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। “প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার পর সরকারি দল একদিকে চিঠি পাঠাচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী স্বয়ং সংস্কার প্রস্তাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।”
তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত করা ছাড়াও বিরোধী দলের ওপর অমানবিক অত্যাচার নির্যাতন অব্যাহত আছে, যা আলোচনার পরিবেশের পক্ষে নয়। “আলোচনার পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে সরকার পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করছে।”
১৪ দলের সমন্বয়ক বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও ভোটার তালিকা নিয়ে সুষ্পষ্ট কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।
তিনি বলেন, একতরফা ও অবৈধভাবে নিযুক্ত সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) বিএনপি জামাত জোটকে আবারও ক্ষমতায় আনতে তার অবৈধ কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে একটি নির্বাচনের পাঁয়তারা করছেন। “তারপরও আমরা আলোচনার সপক্ষে থেকে চিঠি পাঠাবো।”
তবে, তিনি বলেন, জনগণের মালিকানা স্বত্ব জনগণের হাতে ফিরিয়ে দিতে দাবি আদায়ের আন্দোলন চলবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এই প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বহুল আলোচিত সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা এবং প্রধানমন্ত্রী ঘোষিত কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া গত ২০ মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলকে চিঠি দেন।
ওই চিঠির কিছু ‘অষ্পষ্ট বিষয়ের’ ব্যাখ্যা চেয়ে জলিল ২২ মার্চ তার উত্তর পাঠান। এর নয় দিন পর ৩১ মার্চ মান্নান ভুঁইয়া তার দ্বিতীয় চিঠি পাঠান আব্দুল জলিলের কাছে।
