মন্ত্রিপাড়ায় ২ ঘণ্টার লোডশেডিং দাবি করেছে সিটিজেন রাইটস মুভমেন্ট
সিটিজেনস রাইটস মুভমেন্ট দুর্বিষহ বিদ্যুৎ সঙ্কটে অতিষ্ঠ দেশবাসীর পক্ষে মন্ত্রিপাড়াসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকায় ২ ঘণ্টার লোডশেডিং দাবি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে শনিবার সকাল ১০ টায় লোডশেডিংয়ের দাবিতে সিটিজেনস রাইটস মুভমেন্ট মানববন্ধন ও প্রজা সমাবেশের আয়োজন করে।
সমাবেশে তারা মন্ত্রিপাড়াসহ শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকায় সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টার লোডশেডিংয়ের দাবি জানায়।
সিটিজেনস রাইটস মুভমেন্টের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এবং আইয়ুব হারুন বাচ্চুর পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ও কর্মকুটির ফাইন্ডেশনের নির্বাহি পরিচালক তুষার রেহমান সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তুষার রেহমান বলেন, দেশের নিরন্তর বিদ্যুৎ সঙ্কট আজ জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। লোডশেডিং ও লোভোল্টেজের কারণে দেশবাসীর স্বাভাবিক জীবন-কর্ম প্রবাহ থমকে যাবার উপক্রম।
বিদ্যুত সঙ্কটে দেশের শিল্পকারখানাসহ কৃষি উৎপাদনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে তিনি জানান।
লিখিত বক্তব্যে তিনি মাননীয় মন্ত্রিবর্গ ও শীর্ষ কর্মকর্তাদের বাস্তবতা উপলব্ধি করানোর জন্য তাদের আবাসিক এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাড. আবিদ রেজা, ব্যারিস্টার সাদিরা আরমান, ইফমা হোসেন, অ্যাড. জুলফিকার আক্তার রিতা, ড. জেসমিন আরা সুলতানা সাথী, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
