বিমান বসু সিপিআইএম’র সাধারণ সম্পাদক
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুই শেষ পর্যন্ত সিপিআইএম’র রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম পার্টি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত, পলিটব্যুরোর সিনিয়র সদস্য জ্যোতি বসু, পলিটব্যূরোর সদস্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য সিপিআইএম’র সাধারণ সম্পাদকের পদে বিমান বসুর নাম ঘোষণা করেন। এর আগে সকাল দশটায় রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়টি চুড়ান্ত করা হয়।
বিমান বসু ১৯৯৮ সালে পলিটব্যুরোর সদস্য হন। ১৯৫৪ সালে কলেজে পড়ার সময় বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। বিমান বসুর জন্ম ১৯৪০ সালে ১ জুলাই। ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
২৬ মার্চ বর্ষীয়ান কমিউনিষ্ট নেতা, পলিটব্যুরোর সদস্য এবং সিপিআইএম’র রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস মস্তিষ্কে অতিরিক্তি রক্ষক্ষরণে মারা যান। তার পরই বর্তমান ক্ষমতাসীন দল সিপিআইএম’র গুরুত্বপূর্ণ পদটি শূন্য পড়ে।
বিশেষ করে, আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে এ রকম একটি সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ শূন্য রাখা সিপিআইএমের পক্ষে মারাত্বক ঝুকিপূর্ন ছিল।
অনিল বিশ্বাসের প্রয়ানের পর সাধারণ সম্পাদকের পদে শ্যামল চক্রবর্তী, নিরুপম সেন ও মদন ঘোষের এবং বিমান বসুর নাম শোনা যাচ্ছিল।
