২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয় ঘেরাও করবে ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয় ঘেরাও করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বৃহষ্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠকে এই ঘেরাও এবং বিক্ষোভসহ আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হয়। 

বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে : ৩১ মার্চ শুক্রবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ১ এপ্রিল শনিবার সারাদেশে বিক্ষোভ। এছাড়া ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তাদের দাবির সপক্ষে গণসংযোগ করবেন।

বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসুচি বানচাল করতে সরকারের নিষেধাজ্ঞা আরোপ এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপ ও হামলাসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দল নেতৃবৃন্দ আলোচনা করেন।

প্রায় দু’ঘন্টার এই বৈঠকে আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়। পরে আব্দুল জলিল সুধাসদনে যান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে।

সুধাসদন থেকে ফিরে ধানমণ্ডির কার্যালয়ে এসে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন তিনি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।