২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্যাডারদের হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি মামলা দায়ের

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল আলমের বাড়ীতে বুধবার বিএনপি ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটতরাজের ঘটনাসহ জেলার বিভিন্ন স্থানে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এদিকে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় পৗর চেয়ারম্যান ও জেলা ছাত্রদল সভাপতি জয়নাল আবেদীনকে প্রধান আসামী করে বিএনপি, ছাত্রদল, যুবদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে জাহেদুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে যুবদল নেতা আবদুস সালাম বাদী হয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান হেলালকে প্রধান আসামী করে আওয়ামীলীগ ও অংগসংগঠন সমূহের ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাল্টা একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ বুধবার গভীর রাতে জেলার কলেজ গেইট, শালবন এলাকায় তল্লাশি চালিয়ে বিরোধী দলের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে।

জেলা আওয়ামী লীগ সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতারা এ ঘটনার জন্য বিএনপি’র সন্ত্রাসীদের দায়ী করে প্রশাসনের নাকের ডগায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ীতে হামলা, লুটতরাজ, মধ্য যুগীয় বর্বরতার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সন্ত্রাসীদের পরিকল্পিত ধারাবাহিক হামলায় খাগড়াছড়িতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের জানমালের কোনও নিরাপত্তা নাই। তারা অভিযোগ করেন, বির্ধোী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, জাহেদুল আলমের বাড়িতে হামলাকালে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা প্রদান করেছে।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা বিধানে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এবং বিএনপির হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ৮ এপ্রিল খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশে ও ৯--১০ এপ্রিল ৪৮ ঘন্টার সড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করেছে।