২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, উস্কানি দিলে প্রতিহত করবো: ১৪ দলের সচিবালয় ঘেরাও প্রস্তুতি সভায় জলিল 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবারের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে পুলিশের নিষেধাজ্ঞা জারির কড়া সমালোচনা করে বলেছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করবো। এটি আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উস্কানি দেওয়া হলে আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ করবো।

সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। 

আব্দুল জলিল বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে হবে। এখন আমাদের কাছে জয়ের কোনো বিকল্প নেই। ৩০ মার্চ যার যতোটুকু শক্তি আছে, তাই নিয়ে আমরা মাঠে নামবো। এতে বাধা এলে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, আমরা যে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি, সরকারের ১৪৪ ধারা জারির ঘটনাই তা প্রমাণ করে।

তিনি বলেন, সর্বশক্তি নিয়ে সরকারি ব্যারিকেড ভাঙতে হবে। বাধা অতিক্রমের মাধ্যমে বিজয় আনতে হবে।  

জাসদের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল বলেন, জনতার রোষ যে কোনো অপশক্তিকে পরাভূত করতে পারে। তাই জনগণকে জাগাতে হবে, আন্দোলনে শরিক করতে হবে। বিএনপি জামাত জোট তখন পালাবারও পথ পাবে না।  

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওবায়দুল কাদের, পংকজ ভট্টাচার্য, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, আলহাজ্ব আব্দুস সামাদ, শরিফ নুরুল আম্বিয়া, কামরুল আহসান, জাকির হোসেন, ওমর আলী, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম ও কাজী মোস্তাক এলেনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।