২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের মিছিলে বিএনপি ক্যাডারদের হামলায় নিহত ১, আহত ৫৪

দেশের বিভিন্ন স্থানে রোববার আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের মিছিলে বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছে। এসব হামলায় একজন নিহত ও ৫৪ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি ক্যাডাদের হামলায় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নিহত ও আরো চারজন আহত হয়। এছাড়া মুন্সীগঞ্জে ২৫ জন এবং লক্ষ্মীপুরে আরো ২৫ জন আহত হয়। 

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে রোববার বিএনপি সমর্থকদের হামলায় একজন আওয়ামী লীগ নেতা নিহত এবং আরো চারজন গুরুতর আহত হয়।

নিহত আওয়ামী লীগ নেতার নাম শামছুল হক (৫৫)। 

সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১১টার সময় দলের পূর্ব নির্ধারিত স্বাধীনতা দিবসের র‌্যালি শুরু হলে বিএনপ সমর্থকরা হামলা চালায়। হামলায় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয় আরো চারজন। 

আহতদের মধ্যে টগর (৩০) ও লতিফকে (২৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শ্রীনগরে রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রায় বিএনপি ক্যাডাররা নগ্ন হামলা চালায়। এ সময় গোটা উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনায় পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা বেশ কয়েকটি বাস, স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান মঞ্চ ও সাতটি তোরণ ভাংচুর করে।

পরে ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌণে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজের সামনে গেলে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মামুনের নেতৃত্বে হামলা হয়।

হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের মাথা ফেটে যায়। এ সময় আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে গেলে দুপক্ষের ইট পাটকেলের আঘাতে পুলিশের এএসপি ইকবাল পাঠান ও ওসি নূর হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে সাংবাদিক বাছিরউদ্দিন জুয়েল আহত হয়।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রামপুরে রোববার সকালে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের মিছিলে বিএনপি সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে ২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে স্থানীয় উপজেলা স্মৃতিসৌধে যাওয়ার পথে পুরাতন আদালত ভবন ও তাজমহল সিনেমা হলের সামনে বিএনপি ক্যাডাররা দফায় দফায় এসব হামলা চালায়। এতে আওয়ামী লীগের ২৫ জন নেতা কর্মী আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ক্যাডাররা এসময় আওয়ামী লীগ নেতাদের দুটি মোটর সাইকেল ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করে।