ফিনিক্স দুর্ঘটনায় মির্জা আব্বাসের পদত্যাগ করা উচিত ছিল: তানভীর সিদ্দিকী
ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ফিনিক্স গার্মেন্টস দুর্ঘটনায় দায়ী হিসেবে রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী। একই সাথে তিনি গণপূর্ত মন্ত্রীর পদত্যাগের পরামর্শ দেন।
শনিবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রতিবেশী ভারতের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা আব্বাসের পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, আমি তাকে পদত্যাগ করতে বলছি না, তবে এর মাধ্যমে তিনি একটা উদাহরণও সৃষ্টি করতে পারতেন।
তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মনোনয়ন না দিয়ে অরাজনৈতিক ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়ারও সমালোচনা করেন।
এ সময় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও পুর্ত মন্ত্রী মির্জা আব্বাসও মঞ্চে উপস্থিত ছিলেন।
