দেশের স্বার্থবিরোধী ফুলবাড়ি কয়লা চুক্তির অসম ধারা বাতিল ও দায়ীদের বিচার চাই : আ.লীগ
বিএনপি শাসনামলে উত্তরবঙ্গের ফুলবাড়ি কয়লা খনির উন্নয়ন সম্পর্কিত বাংলাদেশ সরকারের সঙ্গে ১৯৯৪ সালে সম্পাদিত বিএইচপি - এশিয়া এনার্জি করপোরেশনের চুক্তিকে ‘অসম ও দেশের স্বার্থ বিরোধী’ উল্লেখ করে তা থেকে অসম ধারা বাতিল এবং ওই চুক্তির পেছনে দায়ীদের বিচারের দাবী জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর এ দাবী জানান।
আলোচিত ওই চুক্তির ব্যাপারে সম্প্রতি জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কথা উল্লেখ করে তিনি এ ব্যাপারে বিএনপির তৎকালীন জ্বালানি মন্ত্রীসহ অন্যদের অভিযুক্ত করবেন কী না তা তার (উপদেষ্টা) কাছে জানতে চান।
চুক্তি প্রক্রিয়ার প্রেক্ষাপট ও ধারাবাহিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে মহিউদ্দিন খান আলমগীর বলেন, অসম ও দেশের স্বার্থ বিরোধী ওই চুক্তির জন্যে বিএনপি’ই দায়ী।
তিনি বলেন, তৎকালীন বিএনপি সরকার ১৯৯৪ সালের ২০ আগস্ট একটি চুক্তির মাধ্যমে ফুলবাড়ি কয়লা খনি উন্নয়নের জন্য বিএইচপিকে (বিএইচপি মিনারেলস) লাইসেন্স দেয়। এই চুক্তিতে কয়লা খনি উন্নয়ন সম্পর্কিত সকল শর্তাবলী দেশের স্বার্থের অনুকূলে নয়।
চুক্তিপত্রের ধারাগুলো উল্লেখ করে তিনি জানান, বিএনপি সরকার তাদের সম্পাদিত চুক্তিতে কয়লা খননের লাইসেন্স অন্য কোম্পানির কাছে হস্তান্তরের শর্ত রেখেছিল। সেই শর্ত অনুযায়ী ১৯৯৮ সালে বিএনপি সরকারের লাইসেন্সধারী বিএইচপি তাদের লাইসেন্স এশিয়া এনার্জির কাছে হস্তান্তরের জন্যে আওয়ামী লীগ সরকারের সময়কালে আবেদন জানায়।
সাবেক পরিকল্পনা সচিব ও প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার কর্তৃক সম্পাদিত চুক্তির অসম ধারাগুলো সংশোধনের লক্ষ্যে এশিয়া এনার্জি দেশের বিদ্যমান ও ভবিষ্যতে সংশোধনীয় খনি ও খনিজ বিষয়ক বিধি ১৯৬৮ মানতে বাধ্য থাকবে বলে শর্ত আরোপ করে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৪ সালের ওই অসম চুক্তি যথা প্রয়োজন সংশোধিত করার আইনি অধিকার রক্ষা করেছে।
আওয়ামী লীগ নেতা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নাহিদ, নূহ উল আলম লেনিন, অধ্যাপিকা নাজমা রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
