২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা জামায়াতের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক করে গোপন মিশন বাস্তবায়ন চায়: ইশা আন্দোলন

মার্কিন সাম্রাজ্যবাদ এ দেশীয় এজেন্ট জামায়াতে ইসলামীর মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক সৃষ্টি করে গোপন মিশন বাস্তবায়ন করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ মো. ফজলুল করীম (চরমোনাই পীর) শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই গ্রেপ্তার হওয়ার পর পরই হঠাৎ করে মার্কিন পিস কোর প্রত্যাহার করে নেয়ায় দেশবাসীর মধ্যে এই ধারণার সৃষ্টি হয়েছে।

তিনি ‘স্বাধীনতা -- সার্বভৌমত্বের স্বার্থে জঙ্গিদের গড ফাদারদের নাম প্রকাশ’ করার দাবী জানান। চরমোনাই পীর আওয়ামী লীগ ও বিএনপির বিস্তর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই কায়েমী স্বার্থবাদী দল। জামায়াতে ইসলামী তাদের সহযোগী দল। দুই কায়েমী দলের বাইরে যাতে কেউ ক্ষমতায় যেতে না পারে, সেজন্যে বিদেশী শক্তির মধ্যস্থতায় সংসদের ভেতরে ও বাইরে সংস্কারের নাটক চলছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা কোনো প্রলোভনের রাজনীতি দ্বারা পরিচালিত হবো না। নির্বাচনে আমাদের অবস্থান কি হবে, তা ৩১ মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠেয় মহাসমাবেশেই ঘোষণা করা হবে।

তিনি জানান, তাদের পক্ষ থেকে ওই মহাসমাবেশের অনুমতি চেয়ে চার মাস আগেই আবেদন করা হয়েছে। কিন্তু এখনো অনুমতি মেলেনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জোট সরকার মহাসমাবেশ বানচাল করতে সব ধরণের চেষ্টা চালাবে।

সংবাদ সম্মেলনে নূরুল হুদা ফায়েজী, এটিএম হামিদ উদ্দীন, ডা. আলহাজ মুক্তার হোসেন, রফিক উদ্দিন আহমেদ, মওলানা সাইফুদ্দীন ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।