২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ রাজুর রক্তমাখা শার্ট ছাত্র ইউনিয়নের কাছে তুলে দিলেন তার মা

শহীদ রাজুর রক্তমাখা শার্ট, মানিব্যাগ, ব্যাগ ও তার সংগ্রহের ৩৫১টি বই তার মা খাদিজা বেগম শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিবাগ চৌধুরী পাড়ার শহীদ বাকী রোডের বাসায় সকালে খাদিজা বেগম নেতৃবৃন্দের কাছে ্রাজুর ব্যবহৃত জিনিস হস্তান্তর করেন।

তিনি এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এদেশে কার কাছে বিচার চাইবো? যে সন্ত্রাসের প্রতিবাদে রাজু জীবন দিলো, তা এখনো শেষ হয়নি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার পরে শুরু হয়েছে শিক্ষক হত্যা।

তিনি আরো বলেন, শিক্ষক--সাংবাদিক--বুদ্ধিজীবী--প্রগতিশীল--রাজনীতিবিদদের হত্যা করে পুরো দেশকে মৃত্যুপুরী বানানোর চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

রাজু হত্যার বিচার দাবি করে রাজুর মা বলেন, আমরা সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ রাজুর সাথে মিছিলে অংশগ্রহণকারী আব্দুল্লাহ মাহমুদ খান, ছাত্র ইউনিয়নের সভাপতি সামসুল আলম সজ্জন, সহ-সভাপতি মানবেন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মামুন প্রমুখ।  

১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মঈন হোসেন রাজু ছাত্রদল ও ছাত্রলীগের দখলদারিত্বের বন্দুকযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শহীদ হন।