আন্দোলনের পথ খোলা রেখেই আলোচনায় যাবে বিরোধী দল
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আন্দোলনের পথ খোলা রেখেই সরকারের সঙ্গে আলোচনায় যাবে বিরোধী দল।
সংস্কার বিষয়ে সরকারি দলের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে গ্রহণ করলেও বিরোধী দলের নেতারা বলছেন, তারা মনে করেন না আলোচনার টেবিলেই দাবি পুরোপুরি পূরণ হয়ে যাবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবো। সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহ অন্যান্য ইস্যুতে ১৪ দলের আন্দোলন অব্যাহত রয়েছে।
‘জনগণের দাবি আদায়ের এই সংগ্রাম চলবে,’ তিনি বলেন।
১২ মার্চের হরতাল চলাকালে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, জাসদ নেতা হাসানুল হক ইনু এবং একজন গৃহবধূসহ বিরোধী দলের নেতা কর্মীদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১৪ দলের উদ্যোগে ২৮ মার্চ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে ৩০ মার্চ সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে তারা।
আব্দুল জলিল জানিয়েছেন, ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার গত সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে দেওয়া চিঠি এবং সরকারের প্রস্তাবকে রাজপথের আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবেই দেখছে বিরোধী দল।
তবে একদিকে আলোচনা ও কমিটি গঠনের প্রস্তাব এবং অন্যদিকে বিরোধী দমনের নানা প্রক্রিয়া বিরোধী দলের কাছে প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
আব্দুল জলিল বলেছেন, সরকারের এই প্রস্তাবকে আমরা ইতিবাচক হিসেবেই নিয়েছি। কিন্তু সরকারের অসহিষ্ণু কর্মকাণ্ড এবং দমন নীতিই প্রমাণ করে, সরকার কতোটুকু আন্তরিক।
তিনি বিডিনিউজকে বলেন, এই সরকারের কাছে দাবি আদায় করা কতো কঠিন, তা আজ সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে।
তাই অধিকার আদায়ের জন্যে আগামী দিনের আন্দোলন সংগ্রাম গতিশীল করতে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন অব্যাহত রাখবো।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আওয়ামী লীগসহ ১৪ দল প্রায় এক বছর ধরে রাজপথের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ বর্জনের পর সংসদের ২০তম অধিবেশনে যোগ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন। গত ১২ ফেব্র“য়ারি সংসদে উত্থাপিত প্রস্তাবের আলোকে এর ১৫ দিনের মাথায় ২৮ ফেব্র“য়ারি ওই অধিবেশনেরই সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ ব্যাপারে আলোচনার জন্যে কমিটি গঠনের প্রস্তাব করেন।
এর দু’সপ্তাহ পর সরকার পক্ষের চিফ হুইফ খোন্দকার দেলোয়ার হোসেন টেলিফোনে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদকে সংস্কার প্রস্তাব আলোচনার জন্যে কমিটির নাম পাঠানোর আহবান জানান। কিন্তু ১৪ দলের পক্ষ থেকে এ উদ্যোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর তা বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত গত সোমবার হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। ওই দিন সন্ধ্যায় আব্দুল মান্নান ভুঁইয়া সংস্কার নিয়ে আলোচনার জন্য আব্দুল জলিলকে সরকারের পক্ষে চিঠি দেন। এর দু’দিন পর বুধবার সন্ধ্যায় আব্দুল জলিল বিরোধী দলের পক্ষে বেশ কিছু ‘অস্পষ্ট’ বিষয়ের ব্যাখ্যা চেয়ে বিএনপি মহাসচিবের কাছে পাল্টা চিঠি পাঠান।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই চিঠি চালাচালি প্রক্রিয়া হয়তো আরও কিছু সময় ধরে অব্যাহত থাকবে।
