সংস্কার বিষয়ে বিএনপির চিঠি ‘অস্পষ্ট’: ১৪ দল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বুধবার বলেছে, তারা বুধবার রাতেই সংস্কার বিষয়ে সরকারি দলের চিঠির জবাব দেবে। তারা বিএনপির দেওয়া ওই চিঠির কিছু অস্পষ্ট বিষয়ে ব্যাখ্যা চাইবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, ওই চিঠিতে আমরা কিছু অস্পষ্ট বিষয় লক্ষ্য করেছি। আমরা প্রতিটি দলই নিজ নিজ দলের মধ্যে পৃথক পৃথকভাবে চিঠি ও চিঠির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
বঙ্গবন্ধু এভিনিউ এর ইম্পিরিয়াল হোটেলে ১৪ দলের ৯০ মিনিটের বৈঠক শেষে আব্দুল জলিল বলেন, তারা এখন সরকারি দলের দেওয়া চিঠির উত্তর প্রস্তুত করছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের নেতা দীলিপ বড়–য়া।
সংস্কার ইস্যুতে আলোচনার জন্যে কমিটির নাম চেয়ে সোমবার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছে একটি চিঠি পাঠান।
যদিও প্রধান বিরোধী দল সংস্কার ইস্যুতে বিএনপি’র এই চিঠির বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ এবং জনগণের প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারপরও তারা আলোচনায় যোগ দেবে কি দেবে না সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
মঙ্গলবার ১৪ দলের নেতারা চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। বুধবার আবারো নিজ নিজ দলের পক্ষ থেকে তারা আলোচনায় বসে।
