আওয়ামী লীগের শোক মিছিলে পুলিশি হামলার নিন্দায় আব্দুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মোহনগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল হক খান বাক্কীর শোক মিছিলে পুলিশি হামলা ও দ্রুত বিচার আইনে মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আব্দুল জলিল বলেন, এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশে মোহনগঞ্জ আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদসহ ৫৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ মাগান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাচা মিয়াসহ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালায়।
মোহনগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল হক খান বাক্কীর মঙ্গলবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ শোক মিছিলে হামলা করলে শতাধিক নেতা-কর্মী আহত হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২১ মার্চ বিএনপি’র সন্ত্রাসীরা মোহনগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল হক খান বাক্কীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
