তিনদিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনদিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সোমবার দুপুর পৌনে দুইটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে গেছে।
২০০১ সালে ক্ষমতা গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম ভারত সফর। তাই প্রধানমন্ত্রীর এ সফরকে দু’ দেশের মধ্যে বিদ্যমান প্রধান প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা ব্যাপারে ব্যাপক উচ্চাশার জায়গা থেকে না দেখে বরং শুভেচ্ছা সফর হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করার উদ্দেশ্যে তারা নয়াদিল্লি যাচ্ছেন।
মোর্শেদ খান বলেন, তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ভারতের বাজারে বাংলাদেশী পণ্যে শুল্কমুক্ত প্রবেশধিকার চাইবেন।
ঢাকা সিলেট শিলং গৌহাটি বাস রুটের ব্যাপারে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মোর্শেদ খান জানান, এ ব্যাপারে তাদের দিক থেকে কোনও সমস্যা নেই। তবে ভারতের ভিতর দিয়ে নেপাল ও ভুটানের সাথে একই ধরনের বাস চলাচল সুবিধার জন্য তারা ভারতীয় টেরিটরি ব্যবহারের অনুমতি চাইতে পারেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতীয় ডেপুটি হাইকমিশনার এস. চক্রবর্তী, তিন বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ৪০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের বাইরে ৪৮ সদস্যের সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী এবং পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনও রয়েছেন।
