আমেরিকায় শেখ হাসিনার চিকিৎসা শুরু
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শরীরের এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে। আমেরিকায় অরল্যাণ্ডোয় সেন্ট লেক ইমেজিং হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাতে এ পরীক্ষা হয়।
বিরোধী দলীয় নেতা সোমবার সকালে রিপোর্ট নিয়ে রোগ নির্ণয় করাতে চিকিৎসকের কাছে যাবেন।
আমেরিকায় শেখ হাসিনার সফরসঙ্গী দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সহ সম্পাদক আবদুস সোবহান গোলাপ শনিবার রাতে বিডিনিউজকে এ তথ্য জানিয়ে বলেন, এমআরআই ও সিটি স্ক্যানের ফলাফল ভালো বলে জানা গেছে।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭ তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উদযাপন উপলক্ষে অরল্যান্ডো কেন্দ্রীয় এবং মেট্রোপলিটন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার অরল্যাণ্ডো শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি ও সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে শুক্রবার ফ্লোরিডায় শেখ হাসিনার কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কোরান খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা এতে অংশ নেন।
এদিকে সজীব ওয়াজেদ জয় স্ত্রী ক্রিষ্টিনকে নিয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওয়াশিংটন থেকে অরল্যান্ডো এসে পৌঁছেছেন। আবদুস সোবহান গোলাপ ছাড়াও আমেরকিার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
