২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজের ঘটনায় ক্যডারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ছাত্রদল কেন্দ্রীয় কমিটি

ইডেন কলেজে আন্দোলনরত সাধারণ ছাত্রীদের ওপর ছাত্রদল ক্যডারদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হামলাকারীদের ছাত্রদলের কর্মী নয় দাবী করলেও অভিযুক্ত ক্যাডাররা নিজেদের ছাত্রদলের নেতাকর্মী বলে দাবী করছে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রদলের হামলার কথা অস্বীকার করেছেন। এব্যাপারে তিনি বলেন, ইডেন কলেজে দুই বছর ধরে ছাত্রদলের কোনো কমিটি নেই। তাই সেখানে ছাত্রদলের কর্মী নেই।

হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এ প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, যেহেতু তারা ছাত্রদলের কর্র্মী না তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রশ্ন আসেনা। তিনি আরো বলেন, তবে,যদি কেউ ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে কিছু করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

হামলাকারীরা কি ছাত্রদলের নাম ব্যবহার করছে-  এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা নিজেদের ছাত্রদলের সমর্থক বলে দাবি করে।

তবে হামলাকারী ফাহিমা আক্তার মুকুল, রুনা গাজী, নাসিমা আক্তার সীমা, মাহবুবা সুলতানা রুবিনা, সাগর ও রুপালী সাংবাদিকদের কাছে নিজেদের ছাত্রদল কর্মী বলে দাবি করে। দলীয় কার্যক্রমেও তারা অংশ নিচ্ছে বলেও তাদের দাবী।

তবে, সভাপতি আজিজুল বারী হেলাল তাদের দলীয় কার্যক্রমে অংশ নেয়ার কথা অস্বীকার করেছেন।

ছাত্রদল সভাপতি আন্দোলনকারী সাধারণ ছাত্রীদের সম্পর্কে বলেন, তারা সাধারণ ছাত্রী ছিলোনা।

তিনি সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার কথা উল্ল্খে করে বলেন, তিনি দেখেছেন, কলেজের সামনে বদরুন্নেছা কলেজের ছাত্রফ্রন্টের সভানেত্রী ঝরা কলেজের স্মানে মেয়েদের পিটিয়েছে। তিনি বলেন, এ আন্দোলনে ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের মেয়েরাও ছিলো।