বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিনে শেখ হাসিনার বাণী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭তম জন্মদিন শুক্রবার। গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, বঙ্গবন্ধুর আজীবনের সংগ্রাম, সাহসী ও দূরদর্শী নেতৃত্বেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পূর্ণতা পায় ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ।
তিনি বলেন, প্রগাঢ় রাজনৈতিক প্রজ্ঞা ও নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে তিনি বাঙালি জাতির জনক হয়েছেন।
শেখ হাসিনা বলেন, সাম্য, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিরামহীন সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখার জন্য তিনি বিশ্বশান্তি পরিষদের ‘জুলিও কুরি’ পদকে ভূষিত হন।
বিরোধী দলীয় নেত্রী জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র, চক্রান্ত ও নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়ে তাকে সপরিবারে শাহাদাত বরণ করতে হয়।
বাণীতে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের জুন মাসে আওয়ামী লীগ জনতার রায় নিয়ে সরকার গঠন করে আইনের শাসন প্রতিষ্ঠা, জাতির ভাগ্য উন্নয়ন, অর্থনৈতক প্রবৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের হারিযে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়।
২০০১ সালের ১ অক্টোবর ষড়যন্ত্রের মাধ্যমে গণরায়কে ভূলুন্ঠিত করে আবারও ইতিহাস বিকৃতির সূচনা করা হয় বলে বাণীতে শেখ হাসিনা জানান।
তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে চলছে বিএনপি-জামাত জোটের দুঃশাসন।
খুন, ধর্ষণ, অপহরণ, দখল, গ্রেনেড ও বোমা হামলা দ্রব্যমূল্যের বৃদ্ধির মাধ্যমে দেশকে এক দুঃসহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বলে শেখ হাসিনা জানান।
তিনি বলেন, আত্মীয়করণ, দলীয়করণ, নির্বিচারে চাকুরিচ্যুতি, দলীয় আনুগত্যের ভিত্তিতে পদায়ন, পদোন্নতি ও বদলি করে প্রশাসনের মনোবল ভেঙে দেওয়া হয়েছে।
তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ১৪ দলের পক্ষ থেকে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পেশ করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের কোনও বিকল্প নেই।
বাণীতে তিনি জাতির জনকের অমিত সাহস থেকে শক্তি সঞ্চয় করে নিপীড়ন--নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধে এবং জাতির জনকের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার জন্য জনগণের প্রতি দৃঢ় ঐক্যের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে শোষণ--নিপীড়ন থেকে মুক্ত করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
