২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন শুক্রবার: শেখ হাসিনা ফ্লোরিডায় ‘জাতীয় শিশু দিবসে’র অনুষ্ঠানে অংশ নেবেন

শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭তম জন্মদিন পালিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।

দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন ১৭ মার্চ ফ্লোরিডায় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬ টায় কেন্দ্রীয় ও সারা দেশে সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেল ৩ টায় জাদুঘরের সামনে মিলাদ মাহফিল, বিকেল ৪ টায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩ টায় আলোচনা সভা। দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এতে সভাপতিত্ব করবেন।

কর্মসূচি সফল করতে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি দল বৃহস্পতিবার টুঙ্গিপাড়া গেছে।

এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে দিনটির কর্মসূচি সফল করতে দেশবাসী, নেতাকর্মী, সমর্থক ও শুভাকাক্সক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন।