২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের পার্টি ১৪ দলীয় জোটে  যোগ দিচ্ছে

জাকের পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধিন ১৪ দলীয় জোটে  যোগ দিচ্ছে। আগামী ৩১ মে ঢাকায় অনুষ্ঠেয় পার্টির মহাসমাবেশ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চলছে। তবে জাতির বৃহত্তর প্রয়োজনে আমরা ১৪ দলীয় জোটে  যোগ দেবো। ৩১ মে পল্টন ময়দানে অনুষ্ঠেয় মহাসমাবেশ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। 

ওই যোগদানের বিষয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি দলের আগামী আড়াই মাসের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

এ সব কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও জনসভা, ১২, ১৩, ১৯ ও ২০ এপ্রিল ঢাকায় চারটি জনসভা, ৩১ মে ঢাকায় মহাসমাবেশ -- ইত্যাদি।

পীরজাদা ফয়সল ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মূল হোতা জামায়াত -- শিবির চক্রকে জোট ও সরকার থেকে বহিষ্কার এবং নিজামী -- মুজাহিদ -- সাঈদী এবং জঙ্গিদের সহায়তাদানকারী অন্যান্য মন্ত্রী -- এমপিদের বিচার’ করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।