শেখ হাসিনার কূটনীতিক অভ্যর্থনা : দুঃশাসন, অবিচারের বিপক্ষে কূটনীতিকদের দেখতে চায় আ. লীগ
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বলেছে, তারা কূটনীতিকদের অবস্থান শান্তি ও সম্প্রীতি উন্নয়নে এবং দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে দেখতে চায়।
নবনির্মিত রেডিসন হোটেলে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দেওয়া বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নৈশভোজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন।
আওয়ামী লীগ ক’টনীতিকদের উদ্দেশে জানায়, সমাজের শান্তি ও সম্প্রীতি উন্নয়নের সংগ্রামে এবং দুঃশাসন, অবিচার, মানবাধিকার ও মর্যাদা লংঘনের বিরুদ্ধে তাদেরকে অগ্রদূত হিসেবে দেখতে চাই।
স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন বলেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেকার সহযোগিতা, বোঝাপড়া ও প্রশংসার সম্পর্ক আরো গভীর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বিভিন্ন দেশের কূটনীতিকরা ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাবেক বাংলাদেশী কূটনীতিক এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ নৈশভোজে যোগদান করেন।
নৈশভোজ অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রামাণ্য দলিল কূটনীতিকদের কাছে হস্তান্তর করেন।
