রোববার ১৪ দলের ইসি ঘেরাও, লাখো মানুষ জমায়েতের লক্ষ্য
রোববার ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং সকল জেলায় নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগসহ ১৪ দল। সকাল ১১টায় সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয়ভাবে ঢাকায় শেরে বাংলা নগরে আইডিবি ভবন চত্বর ও আবহাওয়া অফিস চত্বর এবং ধানমণ্ডির কলাবাগান মাঠ ও রাসেল স্কয়ারে সমবেত হয়ে ১৪ দলের নেতা--কর্মীরা নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করতে মিছিল নিয়ে যাবে। এক লাখ মানুষের জমায়েত ঘটানোর লক্ষ্য নিয়ে এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বিরোধী দল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারের অপসারণ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নের দাবি এবং তাদের ভাষায় নীল নক্শার নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচি সফলের লক্ষ্যে শনিবার ঢাকা মহানগর ১৪ দলের এক প্রস্তুতি সভা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, ন্যাপের এমএ গনিসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসুচির কর্মকৌশল ও দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে ব্যাপক জমায়েত নিশ্চিত করার জন্যে সংশ্লিষ্ট থানার নেতাদের নির্দেশ দেন। তারা বলেন, প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে এক হাজার কর্মীর উপস্থিতি নিশ্চিত করে কর্মসূচি সফল করতে হবে।
