তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মেনে নিতে সংসদে শেখ হাসিনার আহ্বান
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
জাতীয় সংসদ অধিবেশনে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যে কারণে সংস্কার প্রয়োজন। ভোটার তালিকা অবশ্যই বাতিল করতে হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্যে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা কাজে আসবে না।
তার ৮০ মিনিটের বক্তব্যে ট্রেজারি বেঞ্চে আব্যহতভাবে চিৎকার চেচামেচি ও ফিসফিসানি চলছিল।
শেখ হাসিনা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার সমালোচনা করেন।
তিনি তার রাজনৈতিক প্রতিন্দ্বন্দ্বী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি একাধিক প্রশ্ন রাখেন। শেখ হাসিনা জানতে চান, প্রধানমন্ত্রী কি সংসদ নেতা, না অন্য কেউ সরকার চালাচ্ছে? তিনি আরও প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী হিসেবে আপনি বিদ্যুৎ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার জন্যে পশ্চিমা গণতন্ত্রের রীতি অনুসরণ করে পদত্যাগ করেবেন কি না?
বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সার, ডিজেল, বিদ্যুৎ সংকট, রাজনীতিকীকরণ, দুর্নীতি, অর্থনীতি, অস্ত্র ও বিস্ফেরক উদ্ধার, প্রশাসন, বিমান, সমাজ কল্যাণ, রপ্তানি, আমদানি এবং বৈদেশিক আয়ের ব্যাপারে ব্যর্থতার চিত্র তুলে ধরেন।
তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বরখাস্ত এবং হাওয়া ভবন সিন্ডিকেট ও বিএনপি জামাত ব্যবসায়ী চক্র ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাবেন কিনা।
শেখ হাসিনা আরও জানতে চান, প্রধানমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এমপি এবং আহসানউল্লাহ মাস্টারের ওপর হামলাকারী ও ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলাকারীদের শাস্তি হবে কিনা।
তিনি জানতে চান, প্রধানমন্ত্রী আসন্ন গ্রীষ্মে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সমাধান করবেন কিনা।
বহুল আলোচিত দুর্নীতি বিষয়ে শেখ হাসিনা বলেন, সরকার দুনীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন কি না এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে কিনা।
জঙ্গি হামলাকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারই ব্যবহার করেছে বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, র্যাবের ক্রসফায়ারে একজন জঙ্গিও নিহত হয়নি। আপনি কিভাবে অস্বীকার করবেন যে, তাদেরকে আপনিই পৃষ্ঠপোষকতা করেননি।
শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী শাসনামল ও বিএনপি-জামাত জোটসরকারের তুলনামূলক চিত্রও তুলে ধরেন।
